নিজস্ব প্রতিনিধি, ঝালদা :
মাঝরাতে রাজ্য সড়কে লরি থামিয়ে তোলাবাজির অভিযোগ। বাধা দিতে গিয়ে আক্রান্ত হয়েছিলেন কর্তব্যরত দুই সিভিক ভলান্টিয়ার। লোহার পাঞ্জা ও পাথর দিয়ে হামলার পাশাপাশি গলা টিপে খুনের চেষ্টার অভিযোগ উঠেছে এক দল যুবকের বিরুদ্ধে। ঘটনায় তিন জনকে গ্রেফতার করেছে ঝালদা থানার পুলিশ।
পুলিশ জানিয়েছে, ধৃতেরা হল ঝালদার আনন্দবাজার এলাকার বিবেকানন্দ কান্দু, দীপক কান্দু এবং গড়কুলির কুনাল রাজোয়াড়। বুধবার ধৃতদের পুরুলিয়া জেলা আদালতে তোলা হলে চার দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক।
পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার রাতে ঝালদা বাসস্ট্যান্ডের কাছে পুরুলিয়া-রাঁচি প্রধান সড়কে ডিউটিতে ছিলেন সিভিক ভলান্টিয়ার অশোক কুমার মাহাতো ও মনোজ কুমার মাহাতো। অভিযোগ, সেই সময়ে ৮-৯ জন যুবক লাঠি ও রড নিয়ে একের পর এক লরি আটকে চালকদের কাছ থেকে টাকা আদায় করছিল। এক লরিচালকের কাছ থেকে জোর করে ১,৫০০ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগও ওঠে। ওই চালক বিষয়টি কর্তব্যরত সিভিক ভলান্টিয়ারদের জানান।
অভিযোগ, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে খোঁজখবর শুরু করতেই ওই যুবকদের বাধার মুখে পড়েন দুই সিভিক ভলান্টিয়ার। এর পরেই তাঁদের উপর হামলা চালানো হয়। লোহার পাঞ্জা ও পাথর দিয়ে মারধরের পাশাপাশি গলা টিপে শ্বাসরোধ করে খুনের চেষ্টাও করা হয় বলে অভিযোগ। চিৎকার-চেঁচামেচি শুরু হলে অভিযুক্তেরা ঘটনাস্থল ছেড়ে পালায়।
পরে থানায় খবর দেওয়া হলে পুলিশ গিয়ে জখম দু'জনকে উদ্ধার করে। প্রথমে তাঁদের ঝালদা গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পরে উন্নত চিকিৎসার জন্য পুরুলিয়ার দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করানো হয়।
আক্রান্ত এক সিভিক ভলান্টিয়ারের অভিযোগের ভিত্তিতে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে তদন্তে নামে পুলিশ। অভিযান চালিয়ে তিন জনকে গ্রেফতার করা হয়। বাকিদের খোঁজে তল্লাশি চলছে।