নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:
পুরুলিয়া শহরের আইটি পার্কের বহুতল আইটি ভবনে অগ্নিকাণ্ডকে কেন্দ্র করে ছড়াল আতঙ্ক। আগুনের খবর ছড়াতেই ভবনের ভিতরে থাকা সমস্ত কর্মী দ্রুত বাইরে বেরিয়ে আসেন। খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার হঠাৎই আইটি পার্কের বহুতল ভবনের একাংশে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। কোনও ঝুঁকি না নিয়ে ভবন থেকে বেরিয়ে আসেন কর্মীরা। খবর দেওয়া হয় দমকল বিভাগে। দ্রুত একটি ইঞ্জিন নিয়ে ঘটনাস্থলে পৌঁছান দমকলকর্মীরা। তাঁদের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে।
দমকল বিভাগের সাব অফিসার কৌশিক মুখোপাধ্যায় বলেন, "দুপুর নাগাদ খবর পেয়ে পুরুলিয়া দমকল কেন্দ্র থেকে রাস্তার যানজট কাটিয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করি। জি-প্লাস ফাইভ বহুতলটির গ্রাউন্ড থেকে টপ ফ্লোর পর্যন্ত বাইরের ফলস ওয়ালিংয়ে ধোঁয়া দেখা গেলেও হোস রিলের মাধ্যমে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। ভবনের ভেতরে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।"
আইটি পার্কের ইনচার্জ মানস নন্দী বলেন,
'শর্ট সার্কিট থেকেই এই আগুন লেগেছে। আমাদের ইলেকট্রিক সিস্টেম পুরোপুরি পুড়ে গিয়ে জানালার দিকে আগুন ছড়িয়ে পড়ে। তবে আমাদের নিজস্ব ফায়ার সিস্টেম বেশ উন্নত এবং আমরা তৎপর থাকায় মাত্র ১০ মিনিটের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে চলে আসে। এই ঘটনায় বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি।"