নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:
পাঠ্যবইয়ের গণ্ডি পেরিয়ে খেলার ছলেই বিজ্ঞানের দুনিয়ায় মেতে উঠেছিল খুদেরা। শিশু দিবস এবং বিশিষ্ট জীবাশ্মবিদ আচার্য বীরবল সাহানীর জন্মবার্ষিকী উপলক্ষে শনিবার পুরুলিয়া জেলা বিজ্ঞান কেন্দ্র সেজে উঠেছিল কচিকাঁচাদের উচ্ছ্বাসে। পুরুলিয়া ছাড়াও আশপাশের বিভিন্ন জেলা থেকে আসা একাধিক স্কুলের পড়ুয়ারা এ দিন ‘এক্সপোজার ভিজিট’-এ যোগ দিয়ে দিনভর নানা কর্মকাণ্ডে মেতে ওঠে।
অনুষ্ঠানের শুরুতেই প্রয়াত বিজ্ঞানী বীরবল সাহানীর প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান জেলা বিজ্ঞান আধিকারিক ধ্রুবজ্যোতি চট্টোপাধ্যায়। বিজ্ঞানের গবেষণায় বীরবল সাহানীর অবদান এবং বিজ্ঞানচর্চায় তাঁর পথচলার কথা এ দিন স্মরণ করা হয়।
এর পরেই শুরু হয় খুদেদের জন্য সাজানো নানা আয়োজন। তপোবন রিসার্চ ইনস্টিটিউট অফ এডুকেশনের উদ্যোগে ‘টাইনি ফিট, মাইটি স্টেপস’ শীর্ষক বিশেষ উপস্থাপনায় ধরা পড়ে শিশুদের সৃজনশীলতা ও অংশগ্রহণের ছবি। পাশাপাশি ‘দ্য গ্রেট ভেগি হান্ট’-এর মতো ধাঁধাভিত্তিক খেলা এবং ‘ওপেন-হাউস সায়েন্স কুইজ’-এ অংশ নিয়ে প্রশ্নোত্তর ও পর্যবেক্ষণের মজার অভিজ্ঞতা অর্জন করে পড়ুয়ারা। প্রতিটি পর্বেই খুদেদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো।
আয়োজকদের কথায়, কঠিন তত্ত্ব নয়, বরং প্রশ্ন করার অভ্যাস, কল্পনাশক্তি এবং চারপাশকে নতুন চোখে দেখার আগ্রহ তৈরি করাই ছিল এই উদ্যোগের মূল লক্ষ্য।