ক্রাইম ব্লক

পুঞ্চায় সরকারি বাসের ধাক্কায় যুবকের মৃ*ত্যু

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যায় সাইকেলে চেপে মানবাজারের দিকে যাচ্ছিলেন শ্রীকান্তবাবু। সেই সময় শ্রীরামঘুটু গ্রামের কাছে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের একটি বাস অত্যন্ত দ্রুত গতিতে এসে পিছন থেকে তাকে সজোরে ধাক্কা মারে।
পুঞ্চায় সরকারি বাসের ধাক্কায় যুবকের মৃ*ত্যু

 

নিজস্ব প্রতিনিধি,মানবাজার:

মামাবাড়িতে বেড়াতে আসার আনন্দ নিমেষেই বিষাদে বদলে গেল। দ্রুতগামী এবং বেপরোয়া একটি বাসের ধাক্কায় মৃত্যু হলো এক সাইকেল আরোহী যুবকের। শনিবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে পুরুলিয়ার মানবাজার- পায়রাচালী সড়কের পুঞ্চা থানার শ্রীরামঘুটু গ্রামের অদূরে। এই আকস্মিক দুর্ঘটনায় শোকস্তব্ধ মৃত যুবকের পরিবার ও স্থানীয় বাসিন্দারা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম শ্রীকান্ত হাঁসদা (৩১)। তাঁর বাড়ি বাঁকুড়া জেলার হিড়বাঁধ থানার শালঘাটা গ্রামে। সম্প্রতি তিনি পুঞ্চা থানার পায়রাচালী গ্রামে নিজের মামাবাড়িতে বেড়াতে এসেছিলেন।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যায় সাইকেলে চেপে মানবাজারের দিকে যাচ্ছিলেন শ্রীকান্তবাবু। সেই সময় শ্রীরামঘুটু গ্রামের কাছে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের  একটি বাস অত্যন্ত দ্রুত গতিতে এসে পিছন থেকে  তাকে সজোরে ধাক্কা মারে। ধাক্কার তীব্রতায় সাইকেলসহ ছিটকে রাস্তায় পড়ে গিয়ে মারাত্মক জখম হন ওই যুবক।

দুর্ঘটনার পরই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গুরুতর জখম অবস্থায় শ্রীকান্তবাবুকে উদ্ধার করে মানবাজার গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। কিন্তু শেষরক্ষা হয়নি‌ চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

রবিবার পুলিশ সূত্রে জানানো হয়েছে, এই ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে মানবাজার থানার পুলিশ। পাশাপাশি‌ ঘাতক বাসটি এবং চালকের ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে।