নিজস্ব প্রতিনিধি, মানবাজার:
ভাইফোঁটার আগে বাজার করতে এসে
সর্বস্বান্ত হওয়ার জোগাড় হয়েছিল। ব্যাগে থাকা ১৫ হাজার টাকা হারিয়ে দিশেহারা হয়ে পড়েছিলেন এক মহিলা। তবে শেষ পর্যন্ত পুলিশের মুন্সিয়ানায় ভাইফোঁটার দিনেই স্বস্তি ফিরল তাঁর পরিবারে। হারানো ব্যাগ ও টাকা ফিরে পেয়ে মানবাজার থানাকে ধন্যবাদ জানিয়েছেন পুঞ্চার ওই বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার ভাইফোঁটার কেনাকাটা করতে পুরুলিয়ার পুঞ্চা থানার সিমচাকা গ্রামের বাসিন্দা রিঙ্কু রায় এসেছিলেন মানবাজার টাউনে। টোটোয় চেপে চকবাজার এলাকায় নামার সময় তিনি খেয়াল করেননি যে তাঁর টাকার ব্যাগটি সিটেই পড়ে রয়েছে। কিছুদূর গিয়ে যখন তাঁর হুঁশ ফেরে, ততক্ষণে টোটো উধাও। ব্যাগে ছিল ১৫ হাজার টাকা। এই বিপুল পরিমাণ টাকা হারিয়ে কান্নায় ভেঙে পড়েন ওই মহিলা। কী করবেন বুঝতে না পেরে সোজা চলে আসেন মানবাজার থানায়।
অভিযোগ পাওয়ার পরেই তৎপর হয় মানবাজার থানার পুলিশ। ঘটনার গুরুত্ব বুঝে আসরে নামে তারা। বাজারের বিভিন্ন সিসিটিভি ক্যামেরার ফুটেজ নিবিড়ভাবে খতিয়ে দেখতে শুরু করেন তদন্তকারীরা। দীর্ঘক্ষণ চেষ্টার পর ফুটেজের সূত্র ধরেই খোঁজ মেলে সেই টোটোর এবং জানা যায়, মানবাজারেরই এক মহিলা ওই ব্যাগটি কুড়িয়ে পেয়েছিলেন।
শেষ পর্যন্ত পুলিশের মধ্যস্থতায় এবং মানবাজার থানার ওসি তারাপদ মণ্ডলের উপস্থিতিতে বুধবার, একেবারে ভাইফোঁটার দিনেই রিঙ্কু দেবীর হাতে তার সেই হারানো ব্যাগ ও নগদ ১৫ হাজার টাকা সসম্মানে তুলে দেওয়া হয়।