নিজস্ব প্রতিনিধি , পুরুলিয়া:
গরু চুরি ও পাচারকাণ্ডের তদন্তে ঝাড়খণ্ডে অভিযান চালাল পুরুলিয়া জেলা পুলিশ। বুধবার ঝাড়খণ্ডের সরাইকেলা-খরসওয়াঁ জেলার চাণ্ডিল থানার অন্তর্গত কাপালি টিওপি এলাকায় সন্দেহভাজনদের বাড়িতে তল্লাশি চালানো হয়। অভিযানে নামে পুলিশের ছ’টি দল। সেখান থেকে তদন্তাধীন মামলার সঙ্গে যুক্ত দু’টি গাড়ি উদ্ধার হয়েছে। তবে পুলিশের অভিযানের আগেই অভিযুক্তেরা পালিয়ে যায়। তাদের খোঁজে তল্লাশি চলছে বলে পুলিশ সূত্রে খবর। গরু চুরি ও পাচার চক্রের বিরুদ্ধে পড়শি রাজ্যেও এ ধরনের অভিযান জারি থাকবে বলে জানানো হয়েছে পুরুলিয়া পুলিশের পক্ষ থেকে।
গত সপ্তাহেই গরু পাচার কাণ্ডের মূল দুই কিংপিনসহ মোট সাতজনকে গ্রেফতার করা হয়েছিল। বাজেয়াপ্ত করা হয়েছিল পাচারে ব্যবহৃত ৬টি বিলাসবহুল চারচাকা গাড়ি এবং ৬টি গবাদি পশু।
সাংবাদিক সম্মেলনে পুরুলিয়ার জেলা পুলিশ সুপার কুমার শানি রাজ জানিয়েছিলেন , "ট্রাক, পিক আপ ভ্যান নয়, দুষ্কৃতীরা গরু চুরিতে স্করপিও, ইনোভা, বোলেরোর মতো চারচাকা গাড়ি ব্যবহার করছিল। পিছনের সিটগুলো খুলে নিয়ে ফাঁকা জায়গায় রাস্তা ও বাড়ির সামনে থেকে গরু চুরি করত। গাড়িগুলোতে কোনো নম্বর প্লেট থাকত না, অথবা ভুয়া নম্বর প্লেট ব্যবহার করা হতো। ধৃত ৭ জনের মধ্যে আছে ঝাড়খণ্ডের সরাইকেল্লা খরসওয়াঁর কাপালি এলাকা থেকে ধৃত মূল কিংপিন মহম্মদ কবির এবং তার পাঁচ সহযোগী—নজরুল মীর, শেখ সৈয়দ, শাহনওয়াজ খান, শেখ মহম্মদ ওয়াসীম আকরাম ও মইন আনসারী।" সে কারণেই ঝাড়খণ্ডে তল্লাশি বলে জানা গেছে।