স্বাস্থ্য ব্লক

সুস্বাস্থ্যের ঠিকানা ঝালদার কুশি ময়দানে আইসি শেষ কুমার

সুস্বাস্থ্যের ঠিকানা এখন ঝালদা। যোগাভ্যাসের ১৬৭ দিন পূর্ণ। এ বার লক্ষ্য ২০০ দিন। শুধু শরীরচর্চায় সীমাবদ্ধ না থেকে যোগকে কেন্দ্র করে সুস্থ সমাজ গড়ার বার্তা দিতে চাইছে ঝালদা।
সুস্বাস্থ্যের ঠিকানা ঝালদার কুশি ময়দানে আইসি শেষ কুমার

 

নিজস্ব প্রতিনিধি, ঝালদা:

সুস্বাস্থ্যের ঠিকানা এখন ঝালদা। যোগাভ্যাসের ১৬৭ দিন পূর্ণ। এ বার লক্ষ্য ২০০ দিন। শুধু শরীরচর্চায় সীমাবদ্ধ না থেকে যোগকে কেন্দ্র করে সুস্থ সমাজ গড়ার বার্তা দিতে চাইছে ঝালদা। সেই উদ্যোগের পরবর্তী মাইলফলক, আগামী ১৩ ডিসেম্বর। ওই দিন যোগশিবিরের ২০০ দিন পূর্তি উপলক্ষে ২০০ জনের রক্তদানের পরিকল্পনা নেওয়া হয়েছে।
ঝালদার কুশি ময়দানে প্রতিদিনের এই যোগাভ্যাসের উদ্যোগ জেলা বিজেপির সভাপতি তথা সমাজসেবী শংকর মাহাতোর। বৃহস্পতিবার ১৬৭ দিন পূর্তির অনুষ্ঠানে এ দিনের অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ ছিল আধ্যাত্মিক সঙ্গীতের সুরে যোগাভ্যাস। গান ও যোগের মেলবন্ধনে তৈরি হয় অন্য রকম পরিবেশ। যোগ দেন ঝালদা থানার আইসি শেষ কুমার। ছিলেন যোগ শিক্ষক সুজয় বন্দ্যোপাধ্যায় সহ শিশু, মহিলা ও পুরুষ মিলিয়ে বহু মানুষ।


পুরুলিয়া জেলা বিজেপি  সভাপতি শংকর মাহাতো বলেন, "অস্বাস্থ্যকর জীবনযাত্রা থেকে বাঁচতে এবং শারীরিক ও মানসিক সুস্থতার জন্য প্রতিদিন অন্তত দেড় থেকে দুই ঘণ্টা যোগব্যায়ামে ব্যয় করতে হবেই। আগামী ১৩ই ডিসেম্বর আমাদের নিয়মিত যোগের ২০০ দিন পূর্তি উপলক্ষে এক বিশাল অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।সেদিন মাঠে একসাথে ১০০০ জনের যোগাভ্যাস এবং ২০০ জনের রক্তদান কর্মসূচি পালন করা হবে।সুস্থ জাতি গঠন এবং প্রধানমন্ত্রী মোদীজির ২০৪৭ সালের 'বিকশিত ভারত' গড়ার স্বপ্ন সফল করতে সকলকে এই মহৎ উদ্যোগে যোগ দেওয়ার অনুরোধ জানানো হচ্ছে"।

তবে ১৬৭ দিনের সাফল্যেই থেমে থাকতে চাইছে না এই উদ্যোগ। যোগশিবিরকে কেন্দ্র করে একাধিক সামাজিক কর্মসূচির পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। আগামী ১ ডিসেম্বর ঝালদায় এইডস সচেতনতা নিয়ে  হবে মহা মিছিল । সচেতনতার বার্তা ছড়িয়ে দিতে ৫ ও ৬ ডিসেম্বর কুশি ময়দানেই ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে। তাতে অংশ নেবে বাংলা, ঝাড়খণ্ড ও ওড়িশার মোট ১৬টি দল । এর পর ১৩ ডিসেম্বর যোগাভ্যাসের ২০০ দিন পূর্তিতে ২০০ জনকে নিয়ে রক্তদান শিবিরের পরিকল্পনা রয়েছে। বাস্তবিক অর্থেই যোগাভ্যাসকে সামনে রেখে এখন 'সুস্বাস্থ্যের বিপ্লবে'র পথে এগোচ্ছে ঝালদা।