সংস্কৃতি ব্লক

সরকারি মঞ্চে হঠাৎ গান ধরে নাচলেন বান্দোয়ানের বিধায়ক, মুহূর্তে ভাইরাল দৃশ্য

বিধায়কের পরিচিত গণ্ডি ছাপিয়ে অন্য ভূমিকায় দেখা গেল বান্দোয়ানের বিধায়ক লবসেন বাস্কেকে। সরকারি অনুষ্ঠানের মঞ্চে জনজাতি শৈলীতে গান গাওয়ার পাশাপাশি নৃত্যও পরিবেশন করলেন তিনি। সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে সেই মুহূর্তের ভিডিও।
সরকারি মঞ্চে হঠাৎ গান ধরে নাচলেন বান্দোয়ানের বিধায়ক, মুহূর্তে ভাইরাল দৃশ্য

 

নিজস্ব প্রতিনিধি,বোরো:

কখনও চাষের মাঠে সার ছড়াচ্ছেন, কখনও আবার জনজাতি সংস্কৃতির সুরে মঞ্চ মাতাচ্ছেন। বিধায়কের পরিচিত গণ্ডি ছাপিয়ে অন্য ভূমিকায় দেখা গেল বান্দোয়ানের বিধায়ক লবসেন বাস্কেকে। সরকারি অনুষ্ঠানের মঞ্চে জনজাতি শৈলীতে গান গাওয়ার পাশাপাশি নৃত্যও পরিবেশন করলেন তিনি। সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে সেই মুহূর্তের ভিডিও। গত ৭ নভেম্বর থেকে মানবাজার ২ নম্বর ব্লকের মুর্গাডি ফুটবল মাঠে শুরু হয়েছিল ৩২তম জেলা স্তরের আদিবাসী একাঙ্ক নাট্য প্রতিযোগিতা। রাজ্যের উপজাতি উন্নয়ন বিভাগের উদ্যোগে আয়োজিত সেই অনুষ্ঠানেই দেখা যায় বিধায়কের এই অন্য রূপ। জনপ্রতিনিধির পরিচয় সরিয়ে রেখে নিজের সংস্কৃতির টানে মঞ্চে গান ও নাচে অংশ নেন তিনি। তবে লবসেনের এমন মাটির কাছাকাছি থাকা এই প্রথম নয়। এর আগেও চাষের মাঠে নেমে সার ছড়াতে দেখা গিয়েছিল তাঁকে। সেই দৃশ্যের ভিডিওও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছিল। এ বার সরকারি মঞ্চে জনজাতি সংস্কৃতির উদ্‌যাপনে তাঁর অংশগ্রহণ ঘিরে নেটদুনিয়ায় অনেকের মতে, জনপ্রতিনিধি হয়েও শিকড়ের সঙ্গে এমন নিবিড় যোগাযোগই তাঁকে অন্যদের থেকে আলাদা করেছে।