নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:
পশ্চিমবঙ্গ আবাস যোজনার দ্বিতীয় কিস্তির আর্থিক সহায়তা সরাসরি পৌঁছে গেল উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে। শুক্রবার পুরুলিয়া জেলা প্রশাসনিক ভবন সহ জেলার বিভিন্ন ব্লকে আয়োজিত এক ভার্চুয়াল অনুষ্ঠানে জঙ্গলমহলের এই জেলার ১৯,৫৬৯ জন উপভোক্তার হাতে দ্বিতীয় কিস্তির ৬০ হাজার টাকা করে তুলে দেওয়া হয়। সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকা ঢুকে যাওয়ায় দ্রুত পাকা বাড়ি তৈরির কাজ সম্পন্ন করার পথ প্রশস্ত হলো গরিব পরিবারগুলির জন্য।
শুক্রবার রাজ্যজুড়ে একযোগে ৭ লক্ষাধিক উপভোক্তাকে এই আর্থিক সহায়তা প্রদান করা হয়। এদিনের এই ভার্চুয়াল অনুষ্ঠানে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতি এবং তাঁর বক্তব্য জেলার প্রশাসনিক মহলে বিশেষ তাৎপর্য বহন করে। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এই প্রকল্পের উপভোক্তারা শুধু বাড়ি তৈরির টাকাই পাচ্ছেন না, তাঁদের সামগ্রিক জীবনযাত্রার মানোন্নয়নে একাধিক কেন্দ্রীয় ও রাজ্য প্রকল্পের সুবিধাও যুক্ত করা হচ্ছে।
এদিনের অনুষ্ঠান থেকে স্পষ্ট করে দেওয়া হয়েছে যে, এই আবাস প্রকল্পের উপভোক্তারা একাধারে, ভিবি-জি রাম জি প্রকল্পের আওতায় অতিরিক্ত ৯৫ দিনের মজুরির সুবিধা পাবেন।
স্বচ্ছ ভারত মিশন প্রকল্পের অধীনে ব্যক্তিগত শৌচালয় নির্মাণের জন্য অতিরিক্ত ১২,০০০ টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে।
তাছাড়া, পরিবেশবান্ধব ও সাশ্রয়ী শক্তির ব্যবহার বাড়াতে পিএম সূর্য ঘর যোজনা-র আওতায় বাড়ির ছাদে সোলার প্যানেল স্থাপনের জন্য ভর্তুকির সুযোগও পাবেন তাঁরা।