নিজস্ব প্রতিনিধি , পুরুলিয়া:
বোনেদের নিরাপত্তার দায়িত্ব নিতে হবে প্রত্যেক ভাইকে। ভাইফোঁটার দিনে সেই শপথের বার্তাই দিলেন পুরুলিয়ার সাংসদ তথা বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক জ্যোতির্ময় সিং মাহাতো। বুধবার পুরুলিয়া শহরের রাঁচি রোডে নিজের কার্যালয়ে দলের মহিলা নেত্রী-কর্মীদের কাছ থেকে ভাইফোঁটা নেওয়ার পাশাপাশি রাজ্য পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদেরও ফোঁটা দিলেন তিনি নিজে। বোনেদের দিকে কুদৃষ্টি দিলে রেয়াত করা হবে না, হুঁশিয়ারি সাংসদের। বললেন, ‘‘বিকালে জমা, সকালে খরচ!’’
এ দিন মহিলা কর্মীদের কাছ থেকে ফোঁটা নেওয়ার পরে জ্যোতির্ময় বলেন, ‘‘ভাইফোঁটার দিনে বোনেরা যেমন ভাইয়ের দীর্ঘায়ু কামনা করে ফোঁটা দেন, তেমনই পশ্চিমবঙ্গে বোনেদের সুরক্ষিত রাখতে সকল ভাইকে আজকের দিনে শপথ নিতে হবে।’’
রাজ্যের বর্তমান সরকার বোনেদের নিরাপত্তা সুনিশ্চিত করেছে বলেও দাবি করেন সাংসদ। তাঁর কথায়, ‘‘যাঁরা বোনেদের প্রতি কুদৃষ্টি দিয়েছেন, তাঁদের পরিণতি আপনারা দেখেছেন। বিকালে জমা, সকালে খরচ। আগামী দিনেও এমনই হবে।’’ এক সময়ে সন্ধ্যা সাতটার পরে বাড়ির বাইরে বেরোলে মেয়েদেরই নানা প্রশ্নের মুখে পড়তে হত বলে মন্তব্য করেন তিনি। প্রধানমন্ত্রীর পাশাপাশি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীও যখন বোনেদের দায়িত্ব নিয়েছেন, তখন প্রত্যেক ভাইকেও তাঁদের নিরাপত্তার দায়িত্ব নিতে হবে বলে জানান জ্যোতির্ময়।
বুধবার দুপুরে সাংসদের কার্যালয়ে ভাইফোঁটা উপলক্ষে তৈরি হয়েছিল উৎসবের আবহ। ফোঁটা দেওয়ার পাশাপাশি মহিলা কর্মীরা সাংসদকে লাড্ডু খাওয়ান। পরে সেই ফোঁটার থালা নিয়েই রাজ্য পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের কাছে পৌঁছে যান সাংসদ । তাঁদের লাড্ডু খাইয়েও আপ্যায়ন করেন তিনি।
বিজেপির মহিলা মোর্চার সভাপতি পুনম সিং পান্ডে বলেন, ‘‘সাংসদ আমাদের দাদা। ফোঁটা দিয়ে আমরা ওঁর দীর্ঘায়ু কামনা করেছি। উনিও আমাদের আশীর্বাদ করেছেন ।’’