নিজস্ব প্রতিনিধি, বান্দোয়ান:
উৎসবের আনন্দের মধ্যেই সমাজসেবা এবং জনসচেতনতার এক অনন্য নজির গড়ল বান্দোয়ান থানা। কালীপূজা উপলক্ষে বান্দোয়ান থানার উদ্যোগে এবং বান্দোয়ান থানা সর্বজনীন কালীপূজা কমিটির সহযোগিতায় থানা চত্বরে আয়োজিত হলো রক্তদান শিবির। সমাজের সর্বস্তরের মানুষকে উৎসবের আবহে একত্রিত করা এবং রক্ত সংকট মেটানোর বার্তা দিতেই এই অভিনব উদ্যোগ নেওয়া হয়। ছিলো কচিকাঁচাদের নিয়ে বসে আঁকো প্রতিযোগিতার আয়োজনও।
পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল আটটা থেকে নটা পর্যন্ত চলে বসে আঁকো প্রতিযোগিতা। ১৭ জন প্রতিযোগী তাতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয়। এরপর সকাল দশটা থেকে শুরু হয় রক্তদান শিবির। এদিনের এই মহৎ উদ্যোগে মোট ১ মহিলা সহ ৪০ জন রক্তদান করেন।
উপস্থিত ছিলেন বান্দোয়ান থানার ওসি মৃন্ময় ভক্ত, বান্দোয়ান পঞ্চায়েত সমিতির সদস্য এবং বান্দোয়ান থানা সর্বজনীন কমিটির সভাপতি ধ্রুবপদ মাহাতো, সমাজসেবী বৃন্দাবন মাহাতো, ধরণী মাহাতো প্রমুখ। বসে আঁকো প্রতিযোগিতার পাশাপাশি বিকেল চারটে থেকে আবৃত্তি, গান, নাচ, গিটার বাদন ও কুইজের মতো একাধিক সাংস্কৃতিক প্রতিযোগিতাও দিনভর চলেছে। প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের আগামী ১২ তারিখে আনুষ্ঠানিকভাবে সার্টিফিকেট ও পুরস্কার প্রদান করা হবে। পুলিশের এমন জনমুখী উদ্যোগে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী ও বিশিষ্টজনেরা।