সাধারণ খবর শহর

আরপিএফ তৎপরতায় পুরুলিয়া স্টেশনে আইফোন সহ ১.৭ লক্ষ টাকার আমানত ফিরে পেলেন বোকারোর বাসিন্দা

ট্রেন থেকে নেমে গন্তব্যে যাওয়ার তাড়াহুড়োয় অসাবধানতাবশত স্টেশন চত্বরেই ব্যাগ ফেলে গিয়েছিলেন এক যাত্রী। ভিতরে ছিল আইফোন-সহ বহু মূল্যবান সামগ্রী। ঘুণাক্ষরেও ভাবেননি, ঘণ্টাখানেকের মধ্যেই হারানো সামগ্রী ফিরে পাবেন।
আরপিএফ তৎপরতায় পুরুলিয়া স্টেশনে আইফোন সহ ১.৭ লক্ষ টাকার আমানত ফিরে পেলেন বোকারোর বাসিন্দা

 

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:

ট্রেন থেকে নেমে গন্তব্যে যাওয়ার তাড়াহুড়োয় অসাবধানতাবশত স্টেশন চত্বরেই ব্যাগ ফেলে গিয়েছিলেন এক যাত্রী। ভিতরে ছিল আইফোন-সহ বহু মূল্যবান সামগ্রী। ঘুণাক্ষরেও ভাবেননি, ঘণ্টাখানেকের মধ্যেই হারানো সামগ্রী ফিরে পাবেন।

রেল পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার দুপুরে পুরুলিয়া রেলওয়ে স্টেশনের পার্কিং ও সার্কুলেটিং এলাকায় নিয়মিত তল্লাশি চালাচ্ছিলেন পুরুলিয়া আরপিএফ পোস্টের সি-শিফটের কর্মীরা। দুপুর  নাগাদ পার্কিং এলাকায়  পড়ে থাকতে দেখা যায় একটি কালো রঙের পিঠের ব্যাগ এবং একটি  মহিলাদের হ্যান্ডব্যাগ। নিরাপত্তার স্বার্থে ব্যাগ দুটি উদ্ধার করে আরপিএফ পোস্টে নিয়ে যাওয়া হয়।

এর পর সিসিটিভি ক্যামেরার নজরদারিতে ব্যাগ দুটি খুলে তল্লাশি চালান আধিকারিকরা। ব্যাগের ভিতর থেকে একটি আইফোন উদ্ধার হয়। তল্লাশি চলাকালীনই আচমকা ওই আইফোনে একটি কল আসে। ফোন ধরে আরপিএফ কর্মীরা জানান, ব্যাগ দুটি পুরুলিয়া পোস্ট নিরাপদে রয়েছে।

এর কিছু ক্ষণের মধ্যেই, বিকেল  নাগাদ স্ত্রীকে সঙ্গে নিয়ে আরপিএফ পোস্টে হাজির হন ঝাড়খণ্ডের বোকারো স্টিল সিটির সেক্টর-১ এলাকার বাসিন্দা বিকাশ চন্দ্র তিওয়ারি । তিনি জানান, " এক্সপ্রেস ট্রেনে সপরিবারে গুয়াহাটি থেকে পুরুলিয়ায় নেমেছিলেন তারা। সেখান থেকে গাড়ি ধরে বোকারো যাওয়ার পথে সার্কুলেটিং এলাকায় তাড়াহুড়ো করতে গিয়ে পার্কিংয়ে ব্যাগ দুটি ফেলে যান"।

আরপিএফ সূত্রে খবর, ‘অপারেশন আমানত’-এর আওতায় এএসআই বি. কুমার এবং এইচসি পি. দাস ব্যাগ দুটি উদ্ধার করেছিলেন। প্রয়োজনীয় নথি ও পরিচয়পত্র যাচাইয়ের পর ব্যাগ দুটির মালিকানা নিশ্চিত করা হয়। ওই ব্যাগে আইফোন-সহ অন্যান্য সামগ্রীর আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লক্ষ ৭০ হাজার টাকা। সব যাচাই শেষে বিকাশবাবুর হাতে ব্যাগ দুটি তুলে দেয় আরপিএফ।
হারানো মূল্যবান সামগ্রী এত দ্রুত ফিরে পেয়ে আপ্লুত বিকাশ চন্দ্র তিওয়ারি ও তাঁর স্ত্রী।