নিজস্ব প্রতিনিধি, আড়শা:
অঙ্গনওয়াড়ি কেন্দ্রে বেশি ডিম চাওয়াকে কেন্দ্র করে এক কর্মীকে মারধরের অভিযোগে উঠল আড়শায়। ঘটনায় অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মীর অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করল আড়শা থানার পুলিশ। শুক্রবার আড়শা থানার বেলডি গ্রামের গোপপাড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ঘটনা। পুলিশ জানায়, ধৃতের নাম মদন গোপ। তার বাড়ি ওই গ্রামেই।
অঙ্গনওয়াড়ি কর্মী সন্ধ্যা সহিসের অভিযোগ, শুক্রবার কেন্দ্রে এসে মদন তাঁর কাছে বেশি পরিমাণ ডিম দাবি করেন। দাবি না মানায় দু'জনের মধ্যে বচসা বাধে। এর পরেই চাবুক দিয়ে তাকে মারধর করা হয়। এমনকি প্রাণে মেরে ফেলার চেষ্টা করা হয় বলেও অভিযোগে জানিয়েছেন ওই কর্মী।
ঘটনার পরেই শুক্রবার আড়শা থানায় লিখিত অভিযোগ করেন ওই কর্মী। সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। শনিবার ধৃতকে পুরুলিয়া জেলা আদালতে তোলা হলে বিচারক জেল হেফাজতের নির্দেশ দেন। ঘটনার তদন্ত শুরু করেছে আড়শা থানার পুলিশ।