নিজস্ব প্রতিনিধি, ঝালদা :
উড়লো ড্রোন। ঝালদা থানার মাঠারি খামার অঞ্চলের পাঁড়রি সহ বিস্তীর্ণ এলাকায়। দেখা গেলো আর বেআইনি পোস্তু চাষের সাহস নেই কারবারিদের। ড্রোন নজরদারিতে স্পষ্ট পোস্ত চাষ আর হচ্ছে না এলাকায়। বেআইনি পোস্ত চাষ রুখতে পুলিশের লাগতার অভিযানে যে সুফল মিলছে শনিবারের বিশেষ অভিযানে উঠে এলো সেই তথ্যই। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঝালদার এসডিপিও গৌরব ঘোষের তত্ত্বাবধানে এই অভিযান হয়। ওই এলাকাগুলিতে বেআইনি পোস্ত চাষের প্রবণতা ছিল ব্যাপক। এ দিনের অভিযানে ঝালদা থানার আইসি শেষ কুমার সহ বন দফতরের কর্মীরাও উপস্থিত ছিলেন। পুরুলিয়ার বিভিন্ন দুর্গম এলাকায় বেআইনি পোস্ত চাষের ঝোঁক বাড়ছিল। জেলায় পুলিশ সুপার হিসেবে কুমার শানি রাজ যোগ দেওয়ার পরেই অবস্থা পাল্টে যায়। চরম পদক্ষেপ নেয় পুলিশ। বেআইনি পোস্ত চাষের সঙ্গে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা তো নেওয়া হয়ই, উপরন্তু তাদের সম্পত্তি ক্রোক করার পদক্ষেপও গ্রহণ করা হয়। সাঁড়াশি আক্রমণে অবৈধ পোস্ত চাষ যে বন্ধ করা গেছে, এদিনের অভিযানে তারই প্রমাণ সামনে আসে।