ক্রাইম ব্লক

ডাইনি আখ্যা দিয়ে নির্যাতনের অভিযোগ জয়পুরের গ্রামে

এই ইন্টারনেটের যুগেও ডাইনি অপবাদ থেকে বেরিয়ে আসতে পারছে না পুরুলিয়া জেলা। এত সচেতনতার প্রচার আর প্রশাসনের কড়া পদক্ষেপ সত্ত্বেও মাঝেমধ্যেই জেলার বিভিন্ন প্রান্ত থেকে ডাইনি সংক্রান্ত অন্ধবিশ্বাসের নিদারুণ ছবি সামনে আসছে।
ডাইনি আখ্যা দিয়ে নির্যাতনের অভিযোগ জয়পুরের গ্রামে

 

নিজস্ব প্রতিনিধি,জয়পুর:

এই ইন্টারনেটের যুগেও ডাইনি অপবাদ থেকে বেরিয়ে আসতে পারছে না পুরুলিয়া জেলা। এত সচেতনতার প্রচার আর প্রশাসনের কড়া পদক্ষেপ সত্ত্বেও মাঝেমধ্যেই জেলার বিভিন্ন প্রান্ত থেকে ডাইনি সংক্রান্ত  অন্ধবিশ্বাসের নিদারুণ ছবি সামনে আসছে। পুরুলিয়ার জয়পুর থানার একটি গ্রামে ডাইনি সন্দেহে এক মহিলাকে বাড়িতে ঢুকে মারধর অভিযোগ সামনে এসেছে। অন্যদিকে পাল্টা অভিযোগ ঘটনার নেপথ্যের আসল কারণ, জমি সংক্রান্ত দীর্ঘদিনের বিবাদ , এবং আম গাছের ডাল কাটা নিয়ে ঝামেলা। অন্যদিকে এই ডাইনি আখ্যা দিয়ে নির্যাতনের অভিযোগ তুলে ইতিমধ্যেই পুরুলিয়া পুলিশের দ্বারস্থ আক্রান্ত পরিবার।

স্থানীয় সূত্রে জানা যায়,  ভাইফোঁটার দিন  ওই মহিলার বাড়িতে চড়াও হয় এলাকার কয়েকজন বাসিন্দা। ডাইনি আখ্যা দিয়ে চুল ধরে তাকে মারধর করা হয় বলে অভিযোগ। এমনকি বাধা দিতে গেলে  তার ভাই ও মাকেও রেয়াত করা হয়নি।  ঘটনা এখানেই শেষ নয়,  অভিযুক্তরা ঘরের চাল ও দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। নতুন একটি মোটরসাইকেলও ইট দিয়ে ভাঙচুর করা হয়। এছাড়া পরিবারের পেনশনের জমানো ২০ হাজার টাকা সমেত একটি ব্যাগ লুঠ করে নিয়ে যাওয়ারও অভিযোগ উঠেছে।
ইতিমধ্যেই ঘটনার খবর পেয়ে আক্রান্ত পরিবারটির পাশে দাঁড়িয়েছে বিজ্ঞানমনস্ক সংগঠন ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতির প্রতিনিধি দল।

পুরুলিয়া জেলা কমিটির ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতির সাধারণ সম্পাদক মধুসূদন মাহাতো বলেন,
"বাড়িতে ঢুকে চার-পাঁচজন মিলে হত্যার উদ্দেশ্যে হামলা চালিয়েছে এবং ঘরের আসবাব ও নতুন মোটরসাইকেল ভাঙচুর করেছে। প্রশাসন কঠোর ব্যবস্থা না নিলে এলাকায় অপরাধ প্রবণতা আরও বাড়বে।"
শুক্রবার আক্রান্ত পরিবার ও স্থানীয়রা পুরুলিয়া পুলিশ সুপার কার্যালয়ে দেখা করেন। পুলিশ জানিয়েছে অভিযোগের সত্যতা যাচাই করে দ্রুত যথাযথ আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।