নিজস্ব প্রতিনিধি, বরাবাজার:
সরকারি জমি দখল করে গড়ে উঠছে একটি হরি মন্দির। সেই চত্বরেই রয়েছে আইসিডিএস এবং গ্রামীণ সুস্বাস্থ্য কেন্দ্র। আর এই ঘটনাকে কেন্দ্র করে ক্রমশই উত্তপ্ত হয়ে উঠছে পুরুলিয়ার বরাবাজার ব্লকের ভাগাবাঁধ গ্রাম পঞ্চায়েতের চন্দনপুর গ্রাম। স্থানীয় বাসিন্দাদের একাংশের প্রবল আপত্তি খাকা সত্ত্বেও চলছে এই নির্মাণকাজ। শুধু তাই নয়, এলাকার মানুষের মতামতকে উপেক্ষা করে সরকারি জমিতে এই মন্দির তৈরির প্রতিবাদে অদ্ভুতভাবে কাঁধে কাঁধ মিলিয়ে একসুরে সরব হয়েছে সিপিআইএম এবং বিজেপি।
স্থানীয় সিপিআইএম নেতা কিরিটি ভূষণ মাহাতো বলেন, "সরকারি জমির ওপর একটি মন্দির নির্মাণকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দাদের মধ্যে বিভ্রান্তি ও ক্ষোভ তৈরি হয়েছে। অভিযোগ উঠেছে, এক তৃণমূল নেতার ছত্রছায়ায় সরকারি জায়গায় এই নির্মাণকাজ চলছে। জমিটি কোন দপ্তরের জন্য বরাদ্দ তা প্রশাসন পরিষ্কার করুক এবং সরকারি সম্পত্তির ওপর যাতে কোনো ব্যক্তিগত বা দলীয় নির্মাণ না হয়, তা নিশ্চিত করা হোক"।
বিজেপি মন্ডল সভাপতি দিলীপ কুমার মাহাতো বলেন, "আমার হাতে থাকা সরকারি রেকর্ড অনুযায়ী, এই ৬০৪ প্লটের জমিতে দীর্ঘদিনের ঐতিহ্যবাহী রাসমেলা ও মন্দির রয়েছে, কিন্তু এখন রাস্তা দখল করে বাউন্ডারি দিয়ে যেন হরিকে ভাগাভাগির চেষ্টা চলছে। এখানে যে সুস্বাস্থ্য কেন্দ্র রয়েছে আইসিডিএস সেন্টার রয়েছে ভবিষ্যতে তো সেগুলো বড়ো হতে পারে। বড় হাসপাতাল গড়ার সুযোগ রয়েছে, যা পাঁচ-সাতটি এলাকার সাধারণ মানুষ ও প্রসূতি মায়েদের চিকিৎসার জন্য অত্যন্ত জরুরি। তাই আগামী প্রজন্মের স্বার্থে এই সরকারি জমি রক্ষা করা প্রয়োজন, এবং ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা কোনোভাবেই এই অবৈধ দখলদারি ও দুর্নীতি মেনে নেব না।"
অভিযোগের তির বরাবাজার পঞ্চায়েত সমিতির এক তৃণমূল নেতার দিকে। যদিও সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছেন অভিযুক্ত নেতা। চন্দনপুর গ্রামে সরকারি জমি স্বাস্থ্য কেন্দ্র ও আইসিডিএস চত্বতের ওপর 'ষোলোআনার সিদ্ধান্তে মন্দির নির্মাণের অভিযোগ উঠেছে। এ বিষয়ে পঞ্চায়েত সমিতির জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ তরুণ কুমার মাহাতো জানান, "গ্রামের সর্বসম্মতিক্রমে ও জনসচেতনতাতেই ওই মন্দির তৈরি করা হচ্ছে। স্থানীয় একাংশের আপত্তির মুখে সরকারি জমিতে এই ধরনের নির্মাণ নিয়ে বিতর্ক তৈরি হয়েছে"।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, চন্দনপুর গ্রামের ৯০ নম্বর মৌজার ৬০৪ নম্বর দাগে শতবর্ষ প্রাচীন একটি রাসমেলা রয়েছে। আর এর পাশেই ৬০৫ নম্বর হাল দাগের মোট ৬৯ ডেসিমেল সরকারি জমিতে সীমানা প্রাচীর ঘেরা একটি সরকারি সুস্বাস্থ্য কেন্দ্র এবং অঙ্গনওয়াড়ি কেন্দ্র রয়েছে। আশপাশের একাধিক গ্রামের হাজার হাজার মানুষ চিকিৎসাগত ও প্রশাসনিক প্রয়োজনে এই সুস্বাস্থ্য কেন্দ্রের ওপর নির্ভরশীল।
অভিযোগ, গত দেড় বছর ধরে সেই সরকারি ও স্বাস্থ্যকেন্দ্রের নির্দিষ্ট জায়গার ভেতরেই একটি হরি মন্দির নির্মাণের কাজ চলছে। এ নিয়েই ক্ষোভে ফেটে পড়েছেন এলাকার মানুষ।
চন্দনপুর গ্রামের স্থানীয় বাসিন্দা বিভূতি মাহাতো বলেন, "চন্দনপুর গ্রামের একটি সরকারি জমিতে আইসিডিএস ও সুস্বাস্থ্য কেন্দ্রের পাশে অনৈতিকভাবে বাউন্ডারি করা হচ্ছে এবং তা ভাঙার কথা থাকলেও ভাঙা হয়নি।স্থানীয় তৃণমূলের ব্লক সভাপতি তরুণ বাবুর নেতৃত্বে সরকারি জমি দখল ও লুট চলছে।এভাবে বারবার সরকারি জমি দখলের অপসংস্কৃতি চললে গ্রামে সংঘাত ও অশান্তি অনিবার্য হয়ে উঠবে"।