নিজস্ব প্রতিনিধি, টামনা:
কালীপুজো উপলক্ষে বাড়ি ফিরেছিলেন। আর সেই রাতেই স্ত্রীকে খুনের অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে টামনা থানার বাগদাডি গ্রামে। মৃতার নাম অনিতা পরামানিক (২৮)। ঘটনায় মৃতার বাবার লিখিত অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত স্বামী গণেশ পরামানিককে মঙ্গলবার রাতে গ্রেফতার করেছে টামনা থানার পুলিশ। বুধবার তাঁকে পুরুলিয়া জেলা আদালতে তোলা হবে। পাশাপাশি পুলিশ তাঁকে নিজেদের হেফাজতে চাইবে বলে জানা গিয়েছে।
জানা গিয়েছে, দশ বছর আগে সামাজিক মতে তাঁদের বিয়ে হয়েছিল। বাপের বাড়ির অভিযোগ, বিয়ের পর থেকেই স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন অনিতার উপর মানসিক ও শারীরিক অত্যাচার চালাতেন।পেশায় রান্নার কারিগর গণেশ বেশির ভাগ সময়ই বাইরে থাকতেন। কালীপুজোর জন্য বাড়ি এসেছিলেন তিনি। সোমবার রাতে খাওয়া-দাওয়ার পর স্বামী-স্ত্রীর মধ্যে বচসা বাধে। সেই বচসার জেরেই গাঁইতি দিয়ে স্ত্রীর গলায় একের পর এক কোপ মারেন বলে অভিযোগ। ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন অনিতা।
খবর পেয়ে ওই রাতেই পুলিশ গিয়ে তাঁকে উদ্ধার করে চাকলতোড় গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। সেখানে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।