ক্রাইম ব্লক

কালীপুজোয় বাড়ি ফিরেই স্ত্রীকে খুনের অভিযোগ, ধৃত স্বামীর ১০ দিনের পুলিশ হেফাজত

স্ত্রী অনিতাকে গাঁইতি দিয়ে কুপিয়ে খুন করেন স্বামী । সেই ঘটনায় ধৃত গণেশ পরামানিকে ১০ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিল পুরুলিয়া জেলা আদালত। বুধবার টামনা থানার পুলিশ বাগদাডি গ্রামের বাসিন্দা গণেশকে আদালতে হাজির করে পুলিশ।
কালীপুজোয় বাড়ি ফিরেই স্ত্রীকে খুনের অভিযোগ, ধৃত স্বামীর ১০ দিনের পুলিশ হেফাজত

 

নিজস্ব প্রতিনিধি , পুরুলিয়া:

কালীপুজো উপলক্ষে বাড়ি ফিরেছিলেন পেশায় রান্নার কারিগর। অভিযোগ, সোমবার রাতে নিজের বাড়ির শোওয়ার ঘরেই স্ত্রী অনিতাকে গাঁইতি দিয়ে কুপিয়ে খুন করেন তিনি। সেই ঘটনায় ধৃত গণেশ পরামানিকে ১০ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিল পুরুলিয়া জেলা আদালত। বুধবার টামনা থানার পুলিশ বাগদাডি গ্রামের বাসিন্দা গণেশকে আদালতে হাজির করে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রায় ১০ বছর আগে আড়শার কেন্দুয়াডি গ্রামের অনিতার সঙ্গে বিয়ে হয়েছিল গণেশের। তাঁদের ছ’বছর ও চার বছরের দু’টি সন্তান রয়েছে। বিয়ের পর থেকেই স্বামী-সহ শ্বশুরবাড়ির অন্য সদস্যেরা অনিতার উপর শারীরিক ও মানসিক অত্যাচার চালাতেন বলে অভিযোগ করেছেন তাঁর বাবা। প্রাথমিক জেরায় গাঁইতি দিয়ে স্ত্রীকে এলোপাথাড়ি কোপ মারার কথা স্বীকার করেছে গণেশ বলে পুলিশের দাবি। তবে কী কারণে এই খুন, তা এখনও স্পষ্ট নয় তদন্তকারীদের কাছে। বুধবার রাত পর্যন্ত খুনের মোটিভ জানতে পারেনি পুলিশ।