সাধারণ খবর ব্লক

তোড়াংয়ে রেল ওভারব্রিজের কাজ কতদূর? অগ্রগতি খতিয়ে দেখলেন সাংসদ

▪️মুরি-চান্ডিল শাখার তোড়াং সাউথ কেবিনের সামনে পরিদর্শনে জ্যোতির্ময়। ▪️উন্নত হবে সংযোগকারী রাস্তা।
তোড়াংয়ে রেল ওভারব্রিজের কাজ কতদূর?  অগ্রগতি খতিয়ে দেখলেন সাংসদ

 

 

নিজস্ব প্রতিনিধি, ঝালদা:

রেলগেটে দীর্ঘক্ষণ অপেক্ষার ভোগান্তি থেকে মুক্তি কবে? মুরি-চান্ডিল রেল শাখার তোড়াং স্টেশনের সাউথ কেবিনের সামনে বহু প্রতীক্ষিত রেল ওভারব্রিজ  নির্মাণের বিষয়টি ঘিরে দীর্ঘদিন ধরেই আশায় বুক বেঁধেছেন স্থানীয় বাসিন্দারা। সোমবার ওই এলাকায় প্রস্তাবিত রেল ওভারব্রিজের কাজের অগ্রগতি এবং সংলগ্ন যোগাযোগ ব্যবস্থার কাজ কতট এগিয়ছে তা খতিয়ে দেখতে পরিদর্শনে যান পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। সঙ্গে ছিলেন জেলা বিজেপির সভাপতি শঙ্কর মাহাতো এবং বাঘমুন্ডির বিধায়ক রহিদাস মাহাতো।

ঝালদা-১ নং ব্লকের অন্তর্গত এই এলাকায় রেলগেটে ট্রেন চলাচলের কারণে দীর্ঘক্ষণ যানবাহন আটকে থাকার সমস্যা রয়েছে। ফলে স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি, সেখানে একটি স্থায়ী রেল ওভারব্রিজ নির্মাণ করা হোক। সেই সঙ্গে এলাকার যোগাযোগ ব্যবস্থার উন্নতিতেও একাধিক পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

প্রশাসনিক সূত্রে খবর, ইতিমধ্যে তোড়াং স্টেশনের নর্থ কেবিন থেকে সাউথ কেবিন পর্যন্ত এবং তোড়াং আন্ডারপাস থেকে কুশি রেলগেট পর্যন্ত পিসিসি রাস্তা নির্মাণের জন্য দরপত্র আহ্বান করেছে জেলা প্রশাসন। এ ছাড়াও পুস্তি গ্রাম পঞ্চায়েতের অধীন ইলু সাউথ কেবিন থেকে সুবর্ণরেখা রেলব্রিজ পর্যন্ত সংযোগকারী রাস্তা সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে।

ওভারব্রিজ নির্মাণ এবং সংযোগকারী রাস্তাগুলির কাজ সম্পূর্ণ হলে তোড়ং-সহ আশপাশের একাধিক গ্রামের বাসিন্দাদের যাতায়াতের সমস্যা অনেকটাই মিটবে বলে আশা। বিশেষত রেলগেটে দীর্ঘক্ষণ আটকে থাকার ভোগান্তি কমার পাশাপাশি এলাকার সামগ্রিক যোগাযোগ ও অর্থনৈতিক কর্মকাণ্ডেও গতি আসবে বলে মনে করছেন স্থানীয়রা।