ক্রাইম শহর

সাইবার ক্রাইম! পুরুলিয়ায় ৪১ ব্যাংক অ্যাকাউন্টে সাইবার প্রতারণার টাকা!

শহরের গণ্ডি ছাড়িয়ে গ্রামীণ এলাকাতেও যে সাইবার প্রতারণা চক্র সক্রিয়, তার প্রমাণ মিলল আরও একবার। জাতীয় সাইবার ক্রাইম রিপোর্টিং পোর্টালের তথ্যের ভিত্তিতে পুরুলিয়া জেলা সাইবার ক্রাইম থানা ২৫ লক্ষ টাকার একটি বিশাল আর্থিক প্রতারণার হদিশ পেয়েছে।
সাইবার ক্রাইম! পুরুলিয়ায় ৪১ ব্যাংক অ্যাকাউন্টে সাইবার প্রতারণার টাকা!

 


নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:

আন্তঃরাজ্য সাইবার অপরাধের চক্রর গভীর জাল পুরুলিয়ায়! সম্প্রতি পুরুলিয়া জেলায় একের পর এক সাইবার জালিয়াতির ঘটনা প্রকাশ্যে আসায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে পুলিশ প্রশাসন। এবার শহরের গণ্ডি ছাড়িয়ে গ্রামীণ এলাকাতেও যে এই চক্র সক্রিয়, তার প্রমাণ মিলল আরও একবার। জাতীয় সাইবার ক্রাইম রিপোর্টিং পোর্টালের  তথ্যের ভিত্তিতে পুরুলিয়া জেলা সাইবার ক্রাইম থানা ২৫ লক্ষ টাকার একটি বিশাল আর্থিক প্রতারণার হদিশ পেয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি বিভিন্ন প্রতারণার ঘটনায় খোয়া যাওয়া মোট ২৪ লক্ষ ৫৫ হাজার টাকা দেশের বিভিন্ন প্রান্ত থেকে ঘুরপথে পুরুলিয়া জেলার বিভিন্ন ব্যাংকের মোট ৪১টি ‘মিউল অ্যাকাউন্ট’ এ স্থানান্তরিত করা হয়েছিল। লোভনীয় প্রতিশ্রুতি বা নানা কৌশলে সাধারণ মানুষের নামে বা ভুয়ো নথিপত্র ব্যবহার করে এই অ্যাকাউন্টগুলি ব্যবহার করা হয়েছিল বলে প্রাথমিক অনুমান। পরবর্তীতে এটিএম বা চেকের মাধ্যমে সেই টাকা তুলে নিত চক্রের সঙ্গে যুক্ত ব্যক্তিরা।

সোমবার এই ঘটনায় একটি সুনির্দিষ্ট মামলা রুজু করেছে পুরুলিয়া সাইবার ক্রাইম থানার পুলিশ। কোন কোন ব্যাংক অ্যাকাউন্টে এই টাকাগুলি ঢুকেছিল এবং এই ঘটনার নেপথ্যে স্থানীয় কোনো প্রভাবশালী চক্র বা স্থানীয় এজেন্টরা যুক্ত রয়েছে কি না, তা খতিয়ে দেখতে শুরু হয়েছে জোরদার তদন্ত।

উল্লেখ্য, এর আগেও বেশ কয়েকটি সাইবার প্রতারণার মামলার কিনারা করে বেশ কয়েকজনকে গ্রেফতার করেছিল জেলা পুলিশ। তবে এতগুলি মিউল অ্যাকাউন্টের মাধ্যমে একসঙ্গে লক্ষ লক্ষ টাকা সরানোর এই নতুন তথ্য সামনে আসার পর তদন্তের পরিধি আরও বাড়ানো হয়েছে। সাধারণ মানুষকে এই ধরনের প্রলোভন ও সাইবার প্রতারণা থেকে সতর্ক থাকার বার্তা দিয়েছে জেলা পুলিশ প্রশাসন।