সুইটি চন্দ্র, পুরুলিয়া:
দেশজুড়ে ১৫ নভেম্বর পালিত হতে চলেছে জাতীয় জনজাতি গৌরব দিবস । বীরসা মুণ্ডার জন্মজয়ন্তী ও তাঁর আত্মবলিদানের ইতিহাসকে স্মরণ করে এই বিশেষ দিনটিকে সামনে রেখে পুরুলিয়া জেলাজুড়ে ব্যাপক কর্মসূচি আয়োজন করেছেন ভারতীয় জনতা পার্টি ।
দলীয় সূত্রে জানা গিয়েছে,
১১ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত এক সপ্তাহব্যাপী নানা কর্মসূচির পরিকল্পনা করা হয়েছে। এর মধ্যে ১৩ নভেম্বর আদিবাসী বীর পুরুষদের প্রতিকৃতি পরিষ্কার-পরিচ্ছন্ন করা, ১৪ ও ১৫ নভেম্বর প্রদীপ প্রজ্জ্বলন ও মাল্যদান এবং পরবর্তীতে প্রশাসনিক সহযোগিতায় বিভিন্ন আদিবাসী অধ্যুষিত ব্লকে কর্মসূচি রূপায়ণ করা হবে।
পুরুলিয়ায় এই উদযাপনের মূল রূপরেখা তুলে ধরে এসটি মোর্চার সভাপতি অশোক হাঁসদা জানান, 'ঝাড়গ্রামের শিলদায় রাজ্যস্তরের মূল অনুষ্ঠানটিতে মুখ্যমন্ত্রীর উপস্থিত থাকার কথা রয়েছে। পাশাপাশি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কর্মসূচিও ভার্চুয়াল মাধ্যমে প্রদর্শনের ব্যবস্থা রাখা হয়েছে"। তিনি বলেন, সারা ভারতজুড়ে এই গৌরব দিবস পালিত হচ্ছে। বীরসা মুণ্ডার সংগ্রাম ও তাঁর আদর্শ ঝাড়গ্রাম তথা জঙ্গলমহলের প্রতিটি আদিবাসী মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়াই আমাদের মূল লক্ষ্য।
অন্যদিকে, মানবাজারের বিধায়ক ময়না মুর্মু কেন্দ্র ও রাজ্য সরকারের যৌথ উদ্যোগের প্রশংসা করে বলেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আদিবাসীদের অন্তরের ব্যথা-বেদনা বোঝেন। জনজাতি গৌরব দিবসের মধ্য দিয়ে আদিবাসীদের সংস্কৃতি ও ঐতিহ্যকে মূলস্রোতে তুলে আনার প্রয়াস তিনি নিয়েছেন, তা প্রশংসনীয়। আদিবাসীরা কোনো অংশে পিছিয়ে নেই, দেশের নিরাপত্তায় তাঁরাও কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে চলেছেনএই বার্তাই আমরা সর্বত্র ছড়িয়ে দিচ্ছি।”