সাধারণ খবর রাজনীতি ব্লক

বরাবাজারে তুলকালাম! গ্রেফতার পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ তৃণমূল নেতা

হুমকি ও মারধরের অভিযোগে গ্রেফতার বরাবাজারের পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ তথা তৃণমূল নেতা তরুণ মাহাতো। তার বাড়ি বরাবাজার থানার চন্দনপুর গ্রামে। রবিবার পুরুলিয়া জেলা আদালতে পেশ করা হচ্ছে তাঁকে।
বরাবাজারে তুলকালাম! গ্রেফতার পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ তৃণমূল নেতা

 

নিজস্ব প্রতিনিধি, বরাবাজার:

সরকারি জমিতে হরি মন্দির নির্মাণ নিয়ে বিবাদের জেরে অবসরপ্রাপ্ত শিক্ষককে পথ আটকে হুমকি ও মারধরের অভিযোগে গ্রেফতার বরাবাজারের পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ তথা তৃণমূল নেতা তরুণ মাহাতো। তার বাড়ি বরাবাজার থানার চন্দনপুর গ্রামে। রবিবার  পুরুলিয়া জেলা আদালতে পেশ করা হচ্ছে তাঁকে।
জানা গিয়েছে, চন্দনপুর গ্রামের বাসিন্দা চিন্ময় মাহাতো শুক্রবার তরুণ-সহ তিন জনের বিরুদ্ধে বরাবাজার থানায় লিখিত অভিযোগ করেন। তাঁর অভিযোগ, সরকারি জমি জবরদখল করে মন্দির নির্মাণ চলছে এখানে। এই বিষয়কে কেন্দ্র করে  দুই পক্ষের মধ্যে গোলমাল চলছিল। বৃহস্পতিবার দুপুরে সে বিষয়ে সংবাদমাধ্যমের সামনে মুখ খোলেন চিন্ময়।
এর কিছু ক্ষণ পরেই তাঁর বাবা, অবসরপ্রাপ্ত শিক্ষক কিরীটীভূষণ মাহাতো গ্রামের রাস্তা দিয়ে যাচ্ছিলেন। অভিযোগ, সে সময় তাঁর পথ আটকে অশ্লীল ভাষায় গালিগালাজ করা হয়, হুমকি দেওয়া হয়। ধাক্কা দেওয়ায় তিনি মাটিতে পড়ে জখম হন।
পুলিশ জানিয়েছে, অভিযোগ পেয়েই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।  ঘটনার তদন্ত শুরু করেছে বরাবাজার থানার পুলিশ।


ছবি : সেই এলাকা, যেখানে সরকারি জমিতে হরি মন্দির গড়ে তোলা নিয়ে বিবাদ।