স্বাস্থ্য ব্লক

বান্দোয়ান স্বাস্থ্যকেন্দ্রের চরম অস্বাস্থ্যকর ছবি সাংসদের কাছে, ক্ষুব্ধ জ্যোতির্ময়

কালীপুজোর সময় সামনে এল বান্দোয়ান স্বাস্থ্যকেন্দ্রের বেহাল ছবি। কোথাও নিকাশি ব্যবস্থা বেহাল, কোথাও জমে রয়েছে নোংরা কালো জল। শৌচাগারের অবস্থাও তথৈবচ। হাসপাতাল চত্বরের হাল দেখে সেটি স্বাস্থ্যকেন্দ্র, না কি আস্তাকুঁড়, তা বোঝাই দায়!
বান্দোয়ান স্বাস্থ্যকেন্দ্রের চরম অস্বাস্থ্যকর ছবি সাংসদের কাছে, ক্ষুব্ধ জ্যোতির্ময়

 


নিজস্ব প্রতিনিধি, বান্দোয়ান:

দুর্গাপুজোর সময় দেবেন মাহাতো মেডিক্যাল কলেজের অপরিচ্ছন্নতা নিয়ে তুলকালাম হয়েছিল। তা থেকে কি কোনও শিক্ষা নিল স্বাস্থ্য দফতর? কালীপুজোর সময় সামনে এল বান্দোয়ান স্বাস্থ্যকেন্দ্রের বেহাল ছবি।  কোথাও নিকাশি ব্যবস্থা বেহাল, কোথাও জমে রয়েছে নোংরা কালো জল। শৌচাগারের অবস্থাও তথৈবচ। হাসপাতাল চত্বরের হাল দেখে সেটি স্বাস্থ্যকেন্দ্র, না কি আস্তাকুঁড়, তা বোঝাই দায়! এমনই একগুচ্ছ ছবি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতোর কাছে পৌঁছাতেই ক্ষুব্ধ তিনি। ছবিগুলি জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক অশোক বিশ্বাসের কাছে পাঠিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি। সূত্রের খবর, স্বাস্থ্যকেন্দ্রের পরিচ্ছন্নতা নিয়ে কড়া বার্তা দিয়েছেন সাংসদ। তাঁর বক্তব্য, সরকারি গেস্ট হাউসের শৌচাগার যে মানের পরিচ্ছন্ন রাখা হয়, স্বাস্থ্যকেন্দ্রের শৌচাগারও তেমনই হওয়া উচিত। পরিচ্ছন্নতার প্রশ্নে কোনও আপস করা চলবে না। এ ক্ষেত্রে স্বাস্থ্য দফতরের জিরো টলারেন্স নীতি থাকা প্রয়োজন।
সাংসদের হস্তক্ষেপের পরেই নড়েচড়ে বসেছে স্বাস্থ্য দফতর। জেলা স্বাস্থ্য দফতর সূত্রে খবর, ভাঙাচোরা শৌচাগারগুলির সংস্কারের জন্য প্রকল্প রিপোর্ট তৈরি করে স্বাস্থ্য ভবনে পাঠানো হয়েছে। স্বাস্থ্যকেন্দ্রের সীমানা প্রাচীর নির্মাণের কাজ হবে ভিবিজিরামজি প্রকল্পে। অন্য দিকে, নির্মাণের ত্রুটির কারণে যে সব জায়গায় জল জমে থাকছে, দ্রুত সেই সমস্যার সমাধানের নির্দেশ দেওয়া হয়েছে। স্বাস্থ্যকেন্দ্র নিয়মিত পরিষ্কার রাখা হচ্ছে কি না, তা ধারাবাহিক ভাবে নজরদারির দায়িত্ব দেওয়া হয়েছে ব্লক স্বাস্থ্য আধিকারিককে। স্থানীয়দের অভিযোগ, বিগত সরকারের আমল থেকেই স্বাস্থ্যকেন্দ্রের মহিলা ওয়ার্ডের পাশে জমে রয়েছে নোংরা জল। নিকাশি ব্যবস্থার বেহাল দশা নিয়ে বার বার সরব হয়েছেন এলাকার বাসিন্দারা।  প্রশ্ন উঠছে, এত দিন ধরে স্থানীয়দের অভিযোগ সত্ত্বেও কেন টনক নড়েনি স্বাস্থ্য দফতরের?  এবার অন্তত বান্দোয়ানের স্বাস্থ্যকেন্দ্রের ছবিটা বদলায় কি না, সেটাই দেখার।