নিজস্ব প্রতিনিধি, পুঞ্চা :
একদিকে জামাইবাবুরা। অন্যদিকে শ্যালকের দল। এমন আশ্চর্য ফুটবল খেলা ঘিরে জমজমাট পুঞ্চার ন'পাড়া গ্রাম। এখানে ভাইফোঁটায় শ্বশুরবাড়িতে এসে জামাইদের শুধু জামাই আদর নিলেই হয় না, শ্যালকদের বিরুদ্ধে ফুটবল মাঠে নেমে ঝরাতে হয় ঘাম আর শ্বশুরবাড়িতে এসেও এই ম্যাচে অনুপস্থিত থাকলে গুনতে হয় এক হাজার টাকা জরিমানা। এই মজার লড়াই ঘিরে উৎসবের চেহারা নিয়েছিল ন’পাড়া গ্রাম। ৩৭ বছর ধরে চলছে ঐতিহ্যবাহী জামাই-শ্যালকের প্রীতি ফুটবল ম্যাচ। এবারও ঢোল পিটিয়ে জামাইদের মাঠে নামার আমন্ত্রণ জানিয়েছিলেন শ্যালকেরা। ফলে ম্যাচ এড়ানোর উপায় কার্যত নেই!
দর্শকঠাসা মাঠে এ দিন লড়াইও হল হাড্ডাহাড্ডি। শেষ পর্যন্ত ২-১ গোলে শ্যালকদের হারিয়ে জয় ছিনিয়ে নেয় জামাই একাদশ। শুধু জয় নয়, টানা তিন বছর জিতে হ্যাটট্রিকও সম্পূর্ণ করলেন তাঁরা। ২০২৪ সালের মতো এ বারও সেরা খেলোয়াড়ের শিরোপা উঠেছে জামাই দলের কর্ণ মাহাতোর হাতে।
অবশ্য স্কোরবোর্ডে শ্যালকদের হার হলেও মাঠে তাঁদের লড়াই কম ছিল না। গোলের ব্যবধানে পিছিয়ে থাকলেও খেলোয়াড়সুলভ মনোভাব আর লড়াকু পারফরম্যান্সে দর্শকদের মন জিতে নিয়েছেন তাঁরা। ম্যাচ শেষে উদ্যোক্তাদের তরফে খেলোয়াড়, অতিথি ও দর্শকদের মিষ্টিমুখ করানো হয়। রাতে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন।
আপাতত জামাইদের জয়ের হ্যাটট্রিক। শ্যালকদের কাছে পরের বছর বদলা নেওয়ার সুযোগ থাকল। তবে তার আগে একটাই প্রশ্ন—আগামী বছরও কি জামাইদের গোলের সামনে এমনই অসহায় হয়ে পড়বেন শ্যালকেরা?