নিজস্ব প্রতিনিধি, বলরামপুর :
'শব্দ আর আলো' চুরির ঘটনার তদন্তে নেমে ১২ দিনের মাথায় সাফল্য পেল বলরামপুর থানার পুলিশ। চুরি যাওয়া প্রায় ৭ লক্ষ টাকা মূল্যের সাউন্ড মিক্সার মেশিন ও আলোর সরঞ্জাম উদ্ধার। গ্রেফতার করা হয়েছে দুই যুবককে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ৩১ অক্টোবর রাতে এই থানার বেলা গ্রামের একটি গোডাউনে চুরির ঘটনা ঘটে। সেখান থেকে দামি সাউন্ড মিক্সার মেশিন-সহ বিভিন্ন আলোকসজ্জার সরঞ্জাম চুরি যায়। তদন্তকারী আধিকারিক এএসআই শুভদীপ পালের নেতৃত্বে ঘটনার তদন্তে নেমে নির্দিষ্ট সূত্রের ভিত্তিতে অভিযানে নামে পুলিশ। গ্রেফতার করে বেলা গ্রামের বাসিন্দা সমীর দাস এবং শ্যামনগর গ্রামের বাসিন্দা জগন্নাথ দাসকে। পুলিশের দাবি, ধৃতদের জিজ্ঞাসাবাদ এবং তাদের দেখানো জায়গায় তল্লাশি চালিয়ে জগন্নাথের বাড়ি থেকে চুরি যাওয়া সমস্ত সামগ্রী উদ্ধার করা হয়েছে। ধৃতদের বৃহস্পতিবার আদালতে হাজির করানো হচ্ছে।