ক্রাইম শহর

রঘুনাথপুর পুরসভায় দুর্নীতির অভিযোগে কলকাতায় গ্রেফতার সাময়িক বরখাস্ত ইঞ্জিনিয়ার

▪️নিয়োগ ও পদমর্যাদা নিয়ে প্রশ্ন। ▪️সরকারি তহবিল আত্মসাতের অভিযোগ। ▪️তদন্তে দুর্নীতি দমন শাখা। ▪️দুর্নীতি দমন শাখার হাতেই গ্রেফতার।
রঘুনাথপুর পুরসভায় দুর্নীতির অভিযোগে কলকাতায় গ্রেফতার সাময়িক বরখাস্ত ইঞ্জিনিয়ার

 

 

 

নিজস্ব প্রতিনিধি , রঘুনাথপুর:

রঘুনাথপুর পুরসভার সরকারি তহবিল আত্মসাতের অভিযোগে গ্রেফতার সাময়িক বরখাস্ত হওয়া এক সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার। ধৃতের নাম বিজয়কুমার মনি। সোমবার তাঁকে গ্রেফতার করেছে রাজ্যের দুর্নীতি দমন শাখা। মঙ্গলবার তাঁকে আদালতে পেশ করা হচ্ছে।

পুরসভা সূত্রে জানা গিয়েছে, গত ১৪ সেপ্টেম্বর বিজয়কুমারের বিরুদ্ধে দুর্নীতি দমন শাখায় লিখিত অভিযোগ দায়ের করেন পুরপ্রধান তরণী বাউরি। অভিযোগ, ২০০৯ সালে টেকনিক্যাল সুপারভাইজ়ার পদে পুনর্নিয়োগের পর একটি নোটিস ও তৎকালীন পুরপ্রধানের চিঠি দেখিয়ে নিজেকে সহকারী প্রকৌশলী বলে দাবি করেন বিজয়কুমার। অথচ ওই পদে তাঁর নিয়োগের কোনও সরকারি নথি নেই, কাউন্সিলর বোর্ডের অনুমোদনও নেই। এমনকি ই-ক্যাটাগরির রঘুনাথপুর পুরসভায় সহকারী প্রকৌশলীর কোনও অনুমোদিত পদও নেই বলে দাবি কর্তৃপক্ষের। তা সত্ত্বেও একাধিক গুরুত্বপূর্ণ প্রকল্পে তাঁকে ওই পদে দেখিয়ে কাজ করানো হয়েছিল বলে অভিযোগ।

সম্প্রতি তাঁর বিরুদ্ধে একাধিক অভিযোগ জমা পড়ার পরে বিভাগীয় অনুসন্ধান শুরু হয়। তদন্তের পরে গত ৭ আগস্ট অভিযুক্তের বিরুদ্ধে আইনি পদক্ষেপের নির্দেশ দেয় মহকুমাশাসকের দফতর। এর পরেই তাঁকে সাময়িক বরখাস্ত করে ৭ সেপ্টেম্বর কাউন্সিলর বোর্ডের বৈঠকে দুর্নীতি দমন শাখায় অভিযোগ জানানোর সিদ্ধান্ত নেয় পুরসভা।

তদন্তে নেমে তিন বার পুরসভায় গিয়ে নথিপত্র খতিয়ে দেখেন দুর্নীতি দমন শাখার আধিকারিকেরা। অভিযুক্তের সম্পত্তি ও পরিবারের সদস্যদের সম্পত্তি সংক্রান্ত নথিও সংগ্রহ করা হয়। তদন্তকারীদের দাবি, হাজিরার জন্য দু’বার নোটিস পাঠানো হলেও সাড়া দেননি বিজয়কুমার। শেষ পর্যন্ত তথ্যপ্রমাণের ভিত্তিতে তাঁকে গ্রেফতার করা হয়। এই ঘটনায় আর কারা জড়িত, সরকারি অর্থ আত্মসাতের অভিযোগের পিছনে আরও কোনও যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।