নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:
ঠেকুয়া প্রসাদে ছটের বিজয়া পালন করবে পুরুলিয়াও। টানা দেড় দিন নির্জলা উপবাসের সমাপ্তিতে সোমবার ভোরে ঊষা অর্ঘ্য প্রদানের পর ছটের পারণ। সেটাই যেন ছটের বিজয়া। একসময় পুরুলিয়ার ভূখণ্ড ছিল বিহারের অংশ৷ স্বাধীনোত্তর সময়ে বাংলায় যুক্ত হলেও, এখানকার জনজীবনে আজও মিশে রয়েছে বিহার ও ঝাড়খন্ডের সাংস্কৃতিক ঐতিহ্য। তাই পুরুলিয়ার ছট উৎসবও হয়ে উঠেছে সাংস্কৃতিক ঐক্যের এক অনন্য প্রতীক। এখনও তিনদিকে ঝাড়খন্ড ছুঁয়ে থাকা পুরুলিয়ার বিভিন্ন জলাশয়ের ঘাট রবিবার বিকেল থেকেই যেন পরিণত হয়েছে এক টুকরো বিহারে। ছট উৎসব উপলক্ষে জেলার সাহেব বাঁধ, কাঁসাই নদীর তীর, দামোদরের পারবেলিয়া ঘাট, তুলিনের সুবর্ণরেখা ঘাট—সবখানেই ভক্তদের ঢল। সূর্য দেবতার আরাধনায় সামিল হয়েছেন হাজার হাজার পুণ্যার্থী।
সন্ধ্যা নামতেই সাহেব বাঁধের পাড়ে ছিল উপচে পড়া ভিড়। সূর্যাস্তের সময় জলাশয়ে দাঁড়িয়ে পুণ্যার্থীরা অর্ঘ্য নিবেদন করেন।
দিন কয়েক আগেই ছটের প্রস্তুতি দেখতে পুরুলিয়া ঘুরে গেছেন রাজ্যের মন্ত্রী ক্ষুদিরাম টুডু। জেলার বিভিন্ন জলাশয় এবং নদী ঘাটে বিজেপি বিধায়করা ছট মহাপার্বণে উপস্থিত হয়ে রবিবার জনসংযোগের কাজও সারেন। পাড়া বিধানসভার সাঁওতালডি বিসিডাব্লিউ যাদববাঁধ ঘাটে ছট পূজায় উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী নদীয়ারচাঁদ বাউরি। তুলিন সুবর্ণরেখা নদী ঘাটে উপস্থিত ছিলেন বাঘমুন্ডির বিধায়ক রহিদাস মাহাতো। ঝালদার এসডিপিও গৌরব ঘোষ উপস্থিত ছিলেন এখানে। বলরামপুরের ছট পরবে উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক জলধর মাহাতো। নিতুড়িয়ার পারবেলিয়া দামোদর নদের ঘাটে অর্ঘ্য প্রদান করেন রঘুনাথপুরের বিধায়ক মামনি বাউরী। উপস্থিত ছিলেন পুরুলিয়ার পুলিশ সুপার কুমার শানি রাজ। বিজেপি রাজ্য কমিটির সদস্য বিবেক রাঙ্গা উপস্থিত ছিলেন পুরুলিয়া সংলগ্ন কংসাবতী নদী ঘাটে। পুরুলিয়ার বিধায়ক সুদীপ মুখোপাধ্যায় ঘুরে দেখেন বিভিন্ন ঘাট।
পুরুলিয়া বিধায়ক সুদীপ মুখোপাধ্যায় বলেন, "ছট পূজা, ছটি মাইয়া এবং সূর্য দেবতার আরাধনা চলছে—আজ সন্ধ্যায় ও কাল ভোরে অর্ঘ্য দেওয়া হবে। আগে সাহেব বাঁধে পূজা হতো, কিন্তু মানুষের বিশ্বাস ও অংশগ্রহণ বাড়ায় এখন গত আট বছর ধরে কাঁসাই নদীর বুচাবাঁধ ঘাটে ব্যাপক ভিড় ও উৎসাহের সঙ্গে পূজা হচ্ছে। সনাতনের প্রতি মানুষের এই গভীর আস্থা ও বিশ্বাসই ভারতবর্ষের ঐক্য ও সংহতির প্রতীক। অনুষ্ঠান নির্বিঘ্নে চলছে এবং অর্ঘ্য দিতে আসা ভক্তদের পাশাপাশি পথচলতি মানুষেরও কোনো অসুবিধা হচ্ছে না"।
অন্যদিকে, নিতুড়িয়া পঞ্চায়েত সমিতির সভাপতি শান্তিভূষণ প্রসাদ যাদব নিজে উপস্থিত ছিলেন নিতুড়িয়ার দামোদর নদের পারবেলিয়া ঘাটে। ছট মহা পার্বণে অংশ নেওয়া প্রত্যেককে শুভ কামনা জানান তিনি। তিনি বলেন, "লোক আস্থার মহাপর্ব ছট পুজোর তৃতীয় দিনের সন্ধ্যা অর্ঘ্যে পারবেলিয়া ছট ঘাটে উপস্থিত সকল ছটব্রতী, তাদের পরিবার এবং এলাকার মানুষকে নিতুড়িয়া পঞ্চায়েত সমিতির তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা। প্রতি বছর সূরজ ঘাট কমিটি ও আশেপাশের কমিটিগুলি যেভাবে আলো দিয়ে এলাকা সাজিয়ে তোলে, সেজন্য ধন্যবাদ। সবাইকে ছট পুজোর আগাম শুভেচ্ছা জানাই"।
ছট মহা পার্বণের মূল তিথি চারদিন। প্রথম দিন নাহায়-খায়। এদিন জলাশয়ে স্নান সেরে শুদ্ধ চিত্তে লাউ,ছোলার ডাল আর ভাত খাওয়া হয়। দ্বিতীয় দিন খারনা। সূর্যাস্ত পর্যন্ত নির্জলা উপবাস। সন্ধ্যায় পায়েস প্রসাদ গ্রহণ করে শুরু দেড় দিনের নির্জলা উপবাস। তৃতীয় দিন সন্ধ্যা অর্ঘ্য৷ বাঁশের ডালা বা কুলোয় ঠেকুয়া, নারকেল, আখ এবং বিভিন্ন ফল সাজিয়ে জলাশয়ে দেওয়া হয় অর্ঘ্য। চতুর্থ দিন ঊষা অর্ঘ। সূর্যোদয়ের আগেই ব্রতীরা পুনরায় ঘাটে উপস্থিত হন এবং জলে দাঁড়িয়ে উদীয়মান সূর্যের উদ্দেশে অর্ঘ্য নিবেদন করেন তারপরই ব্রতের পারণ। ব্রতীদের কথায় ছট শুধুমাত্র ধর্মীয় আচার নয়, এটা প্রকৃতির প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপনেরও উৎসব।