ক্রাইম ব্লক

বরাবাজারের মাদক কেসে পশ্চিম মেদিনীপুরে গিয়ে সম্পত্তি ফ্রিজ করল পুরুলিয়া পুলিশ

তদন্তকারী সূত্রে জানা গিয়েছে, বাজেয়াপ্ত করা সম্পত্তির মধ্যে রয়েছে, ১৪.৫ ডেসিমেল জমি, একটি মোটরবাইক এবং একাধিক ব্যাংক অ্যাকাউন্ট। ইতিমধ্যেই সংশ্লিষ্ট সম্পত্তিগুলিতে পুলিশের পক্ষ থেকে নোটিশ টাঙিয়ে দেওয়া হয়েছে।
বরাবাজারের মাদক কেসে পশ্চিম মেদিনীপুরে গিয়ে সম্পত্তি ফ্রিজ করল পুরুলিয়া পুলিশ

নিজস্ব প্রতিনিধি, বরাবাজার:

মাদক পাচারের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিয়ে এবার আর্থিক শেকড়েই আঘাত করল পুরুলিয়া জেলা পুলিশ। মাদক কারবার থেকে অবৈধ উপায়ে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু হয়েছে জোরকদমে। এনডিপিএস আইনের কঠোর প্রয়োগ করে পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর থানা এলাকায় ছয় অভিযুক্তের স্থাবর ও অস্থাবর সম্পত্তি ফ্রিজ করা হলো।

পুলিশ সূত্রে খবর, চলতি বছরের ২৬ জুন বরাবাজার থানায় এনডিপিএস আইনে একটি মামলা  রুজু হয়। সেই মামলার তদন্তে নেমেই পুলিশের নজরে আসে মাদক পাচারের কালো টাকার যাতায়াত। এরপরই আইনি প্রক্রিয়া মেনে পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর থানার তোড়িয়া গ্রামের কয়েকজন অভিযুক্ত ও তাদের পরিবারের সদস্যদের সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ জারি করা হয়।

পুলিশের ফ্রিজিং অর্ডারের আওতায় নাম রয়েছে বর্তমানে বিচারবিভাগীয় হেফাজতে থাকা গোপাল বাগ ওরফে হরিপদ বাগ , তার দুই সন্তান শুভজিৎ বাগ ও প্রিয়া বাগ, এবং যমুনা বাগ, মিনতি ঘোষ বাগ ও আভা বাগ নামে কয়েকজন আত্মীয়ের।

তদন্তকারী সূত্রে জানা গিয়েছে, বাজেয়াপ্ত করা সম্পত্তির মধ্যে রয়েছে, ১৪.৫ ডেসিমেল জমি, একটি মোটরবাইক এবং একাধিক ব্যাংক অ্যাকাউন্ট। ইতিমধ্যেই সংশ্লিষ্ট সম্পত্তিগুলিতে পুলিশের পক্ষ থেকে নোটিশ টাঙিয়ে দেওয়া হয়েছে। পুরুলিয়া জেলা পুলিশের স্পষ্ট বার্তা, মাদক পাচারকারীদের বিরুদ্ধে এই ধরনের অর্থনৈতিক অভিযান আগামী দিনেও আরও কঠোরভাবে জারি থাকবে।