শহর

কাজ নিয়ে মানুষকে হয়রান করবেন না, পুরুলিয়ার ডিএম-র কাছে আবেদন বিধায়ক সুদীপের

বিধায়ক সুদীপ মুখোপাধ্যায় স্পষ্ট ভাষায় জানিয়েছেন, দূর-দূরান্ত থেকে মানুষ বিভিন্ন সরকারি কাজের জন্য জেলা দপ্তরে আসেন। কিন্তু সঠিক তথ্যের অভাবে তাঁদের বারবার ঘুরে হয়রানির শিকার হতে হয়।
কাজ নিয়ে মানুষকে হয়রান করবেন না, পুরুলিয়ার ডিএম-র কাছে আবেদন বিধায়ক সুদীপের

 

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:

মানুষের সুবিধার্থে এবং সরকারি কাজে স্বচ্ছতা আনতে এক অভিনব ও জনমুখী উদ্যোগের দাবি জানালেন পুরুলিয়ার  বিধায়ক সুদীপ মুখোপাধ্যায় । সম্প্রতি জেলাশাসকের কাছে একটি বিশেষ আবেদন  জানিয়েছেন।  যেখানে সাধারণ মানুষকে হয়রানি থেকে মুক্তি দিতে সরকারি দপ্তরের কাজের পদ্ধতি বদলানোর আর্জি জানানো হয়েছে।

বিধায়ক সুদীপ মুখোপাধ্যায় স্পষ্ট ভাষায় জানিয়েছেন, দূর-দূরান্ত থেকে মানুষ বিভিন্ন সরকারি কাজের জন্য জেলা দপ্তরে আসেন। কিন্তু সঠিক তথ্যের অভাবে তাঁদের বারবার ঘুরে হয়রানির শিকার হতে হয়। এই ব্যবস্থার অবসান ঘটাতে তিনি জেলাশাসকের কাছে মূলত দুটি দাবি পেশ করেছেন।
যদি কোনো সাধারণ মানুষের কাজ সেই দিনই সম্পন্ন করার মতো পরিস্থিতি থাকে, তবে তা সেদিনেই করে দিতে হবে। অযথা ফেলে রাখা চলবে না।
কোনো কাজ সম্পন্ন হতে সময় লাগে (ধরা যাক পাঁচ দিন), তবে আবেদনকারীকে ৫ দিন পরের একটি নির্দিষ্ট তারিখ ও সময় দিয়ে দেওয়া হোক। এর ফলে ওই ব্যক্তি নির্দিষ্ট দিনই এসে তাঁর কাজ করিয়ে নিতে পারেন এবং তাঁকে বারবার এসে  হয়রানি হতে না‌‌ হয়।

বিগত দিনে সাধারণ মানুষ যেভাবে প্রতারণা ও নানাবিধ হয়রানির শিকার হয়েছেন, সে কথা স্মরণ করিয়ে দিয়ে বিধায়ক বলেন,"এই সরকার মানুষের আশীর্বাদে ক্ষমতায় এসেছে। তাই মানুষের ক্ষোভ ও হয়রানি দূর করাই আমাদের প্রথম লক্ষ্য।"
সাধারণ মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে পুরুলিয়ার বিধায়ক বলেন, যারা ভোট দিয়ে গণতন্ত্রকে জয়ী করেছেন, তাঁদের সম্মান রক্ষা করা এবং তাঁদের প্রতিটি ইচ্ছা ও স্বপ্ন পূরণ করতে তাঁরা দায়বদ্ধ।পরিশেষে তিনি জোর দিয়ে বলেন যে, প্রধানমন্ত্রীর আশীর্বাদে এবং মুখ্যমন্ত্রীর যৌথ নেতৃত্বে  এই সমস্ত উন্নয়নমূলক কাজ এবং মানুষের স্বপ্ন পূরণের অঙ্গীকার বাস্তবায়িত করা হবে।