নিজস্ব প্রতিনিধি, ঝালদা:
অবশেষে কাটল দীর্ঘদিনের টানাপোড়েন ও প্রশাসনিক স্থবিরতা। ঝালদা পুরসভার নতুন পুরপ্রধান হিসেবে আনুষ্ঠানিকভাবে কার্যভার গ্রহণ করলেন ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিজয় কান্দু। বুধবার পুরসভার মিলনায়তনে নির্বাহী আধিকারিকের উপস্থিতিতে তিনি শপথ গ্রহণ করেন। এর মাধ্যমে পুর-প্রশাসনে এক নতুন অধ্যায়ের সূচনা হলো বলে মনে করছেন স্থানীয় বাসিন্দা ও রাজনৈতিক মহল।
উল্লেখ্য, গত ২৫ জুলাই ৬ নম্বর ওয়ার্ডের তৎকালীন পুরপ্রধান সুরেশ আগরওয়াল একযোগে কাউন্সিলর ও পৌরপ্রধান পদ থেকে ইস্তফা দেওয়ায় গভীর সংকট তৈরি হয়েছিল পুর-প্রশাসনে। নাগরিক পরিষেবা থেকে শুরু করে উন্নয়নমূলক কাজকর্ম সবক্ষেত্রেই স্থবিরতা দেখা দিয়েছিল। সেই পরিস্থিতির সামাল দিতে গত ২ সেপ্টেম্বর সর্বসম্মতিক্রমে বিজয় কান্দুকে নতুন পুরপ্রধান হিসেবে নির্বাচন করা হয়। মহকুমা শাসকের নির্দেশিকা মেনে এদিন আনুষ্ঠানিকভাবে শপথ অনুষ্ঠান সম্পন্ন হয়।
অনুষ্ঠানে উপ-পুরপ্রধান সুদীপ কর্মকার সহ পুরসভার অন্যান্য কাউন্সিলর ও আধিকারিকেরা উপস্থিত থেকে নতুন পুরপ্রধানকে শুভেচ্ছা জানান। শপথের পর পুরবাসীকে উন্নত পরিষেবা দেওয়া এবং অমীমাংসিত সমস্যাগুলি দ্রুত সমাধানের বিষয়ে জোর দেন নবনির্বাচিত প্রধান।
ঝালদা পুরসভার পুরপ্রধান বিজয় কান্দু বলেন, "ঝালদা মহকুমা শাসকের নির্দেশ অনুযায়ী আজ পুরসভার নির্বাহী আধিকারিক আমাকে আনুষ্ঠানিকভাবে শপথ বাক্য পাঠ করিয়েছেন। পুরপ্রধানের পূর্ণ দায়িত্ব পাওয়ার পর আমার কর্তব্য অনেকটাই বেড়ে গেল। আমি নিষ্ঠা ও সততার সঙ্গে এই দায়িত্ব পালন করব। ঝালদার নাগরিকদের নাগরিক সুবিধা পৌঁছে দেওয়া এবং শহরের সমস্ত বকেয়া সমস্যা চিহ্নিত করে অগ্রাধিকারের ভিত্তিতে সমাধান করাই এখন আমাদের মূল লক্ষ্য।"