নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:
স্বাধীনতা দিবসের উদযাপনকে পরিবেশ রক্ষার বার্তায় ছড়িয়ে দিতে উদ্যোগী পুরুলিয়া জেলা প্রশাসন। ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে জেলার ২০টি ব্লকের ২৭৪৪টি গ্রামে এক দিনে রোপণ করা হল ২ লক্ষ ৭৪ হাজার ৪০০টি দেশীয় প্রজাতির চারাগাছ। ‘সবুজ স্বাধীনতা’ নামে এই বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয় পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরের ‘বিকশিত ভারত-জি রাম জি’ প্রকল্পের আওতায়। সহযোগিতায় ছিল বন দফতর।
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, জেলার প্রতিটি গ্রামে ১০০টি করে স্থানীয় প্রজাতির চারা লাগানো হয়েছে। অনাবাদী জমিতে বৈজ্ঞানিক পদ্ধতি মেনে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে ‘ব্লক প্ল্যান্টেশন’ পদ্ধতিতে গাছগুলি রোপণ করা হয়। প্রতিকূল আবহাওয়ার মধ্যেও জেলার সর্বত্র একযোগে চলে এই কর্মসূচি।
পুরুলিয়া শহরের ডিরেক্টরেট অফ মাইনস অ্যান্ড মিনারেলস দফতর প্রাঙ্গণে জেলা স্তরের মূল অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন পুরুলিয়ার সাংসদ, জেলাশাসক, অতিরিক্ত জেলাশাসক (ভূমি ও ভূমি সংস্কার) এবং বন দফতরের আধিকারিকেরা। একই সঙ্গে জেলার বিভিন্ন ব্লক ও গ্রাম পঞ্চায়েতেও বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়।
শুধু গাছ লাগিয়েই থেমে থাকতে চাইছে না প্রশাসন। চারাগাছগুলির সুরক্ষায় রোপণস্থলগুলিতে বায়ো-ফেন্সিং এবং শক্ত বেড়া দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। বন দফতরের কারিগরি পরামর্শে আগামী তিন বছর চারাগাছগুলির পরিচর্যা করবে জেলা প্রশাসন। নিয়মিত জল দেওয়া, আগাছা পরিষ্কার, মাটি আলগা করা এবং কোনও চারা নষ্ট হলে তার জায়গায় নতুন চারা বসানোর ব্যবস্থাও রাখা হয়েছে।
রাজ্য সরকারের ‘একটি গাছ মায়ের নামে’ কর্মসূচির সঙ্গেও এই উদ্যোগকে যুক্ত করা হয়েছে। চলতি অর্থবর্ষে রাজ্যে ১০ কোটির বেশি গাছ লাগানোর লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। জেলা প্রশাসনের দাবি, ‘সবুজ স্বাধীনতা’ কর্মসূচির মাধ্যমে পুরুলিয়ায় এক দিনে প্রায় ২.৭৪ লক্ষ নতুন গাছের সূচনা হল। আগামী দিনে এই গাছগুলি জেলার পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে আশা প্রশাসনের।