ক্রাইম ব্লক শহর ভোটের খবর

এমএলএ ভোটের টিকিট বিক্রি! প্রতারণার অভিযোগে পুরুলিয়ায় ধৃত ২

চাকরির প্রলোভন থেকে শুরু করে বিধানসভার টিকিট পাইয়ে দেওয়ার আশ্বাস—পুরুলিয়ায় যেন সাজানো ছকে প্রতারণার জাল বিছিয়ে ছিল অভিযুক্তরা। সাধারণ মানুষের বিশ্বাসকে পুঁজি করে মোটা টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে পৃথক দুটি ঘটনায় দু'জনকে গ্রেফতার করলো পুরুলিয়া জেলা পুলিশ।
এমএলএ ভোটের টিকিট বিক্রি! প্রতারণার অভিযোগে পুরুলিয়ায় ধৃত ২

 

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:


চাকরির প্রলোভন থেকে শুরু করে বিধানসভার টিকিট পাইয়ে দেওয়ার আশ্বাস—পুরুলিয়ায় যেন সাজানো ছকে প্রতারণার জাল বিছিয়ে ছিল অভিযুক্তরা। সাধারণ মানুষের বিশ্বাসকে পুঁজি করে মোটা টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে পৃথক দুটি ঘটনায় দু'জনকে গ্রেফতার করলো পুরুলিয়া জেলা পুলিশ।

পুরুলিয়া সদর থানার অভিযোগের ঘটনায় পুলিশ গ্রেফতার করেছে মিতালী রায় নামে এক মহিলাকে। পুলিশি তদন্তে উঠে এসেছে, দীর্ঘদিন ধরেই চাকরি দেওয়ার টোপ দিয়ে এলাকার একাধিক মানুষের কাছ থেকে বড় অঙ্কের টাকা নিয়েছিলেন তিনি। বিশ্বাসযোগ্যতা তৈরি করতে প্রতারিতদের হাতে ধরিয়ে দেওয়া হতো ভুয়ো জয়েনিং লেটার। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে রবিবার মিতালিকে গ্রেফতার করে পুরুলিয়া আদালতে পেশ করা হয়।

অন্যদিকে, রাজনৈতিক প্রভাব খাটিয়ে বিধানসভা নির্বাচনের টিকিট পাইয়ে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে গ্রেফতার হন কাঞ্চন মাহাতো। পুঞ্চার বাসিন্দা শোভা সিংহের অভিযোগ, কাঞ্চন ও তার পরিচিত অরবিন্দ কুমার সিং বিধানসভার টিকিট দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে দফায় দফায় ৩০ লক্ষ টাকা দাবি করেন। ইউপিআই সহ বিভিন্ন মাধ্যমে ১২ লক্ষ ৮৬ হাজার ৫০৮ টাকা হাতানোর পরও টিকিট মেলেনি। উল্টে টাকা ফেরত চাইলে প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। লিখিত অভিযোগের ভিত্তিতে কাঞ্চনকে গ্রেফতার করে আদালতে তোলা হয়। 
চাকরির ভুয়ো নিয়োগপত্র হোক বা জনপ্রতিনিধি হওয়ার  টোপ—প্রতারণার ধরন আলাদা হলেও প্রতারিতদের অসহায়তাকে কাজে লাগানোর কৌশল প্রায় এক। পুলিশ এখন খতিয়ে দেখছে, এই দুই ঘটনার নেপথ্যে কোনও বড় চক্র কাজ করছে কি না এবং আরও কেউ এর সঙ্গে জড়িত রয়েছে কি না।