নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:
'গণতন্ত্র বাঁচাও, অরাজকতা হটাও'— এই স্লোগানকে সামনে রেখে রাজ্য জুড়ে আন্দোলনের ঝাঁঝ বাড়াচ্ছে বিজেপি। দলের সেই কর্মসূচির অংশ হিসেবেই এবার পুরুলিয়ায় আসছেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য।
দলীয় সূত্রে জানা গিয়েছে, চলতি মাসের ১৯ তারিখ পুরুলিয়া শহরের ট্যাক্সি স্ট্যান্ডে একটি বড় জনসভায় যোগ দেবেন তিনি। মূল সভার আগে একটি বিশাল মিছিলেরও আয়োজন করা হয়েছে। পুরুলিয়া শহরের জুবলি ময়দান অথবা রাঁচি রোডে সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতোর কার্যালয় থেকে এই মিছিলটি শুরু হয়ে সভাস্থলে পৌঁছাবে।
রাজ্য সভাপতির এই সফরকে ঘিরে ইতিমধ্যেই জেলার পদ্ম শিবিরে তৎপরতা তুঙ্গে। এ বিষয়ে বিজেপির জেলা সভাপতি শঙ্কর মাহাতো জানান, "রাজ্য সভাপতির এই কর্মসূচিকে ঐতিহাসিক ও সফল করে তুলতে জেলা জুড়ে প্রতিটি মণ্ডলে আমাদের জোরকদমে প্রস্তুতি বৈঠক চলছে।"
ছবি : বলরামপুরে প্রস্তুতি বৈঠকে বিধায়ক জলধর মাহাতো।