নিজস্ব প্রতিনিধি, কাশিপুর:
বেআইনি ভাবে গাছ কাটা রুখতে গিয়ে আক্রান্ত হলেন বন দফতরের মহিলা বিট অফিসার সহ তিন বনকর্মী। বুধবার ঘটনাটি ঘটেছে পুরুলিয়ার কংসাবতী উত্তর বন বিভাগের কাশিপুর রেঞ্জের রুদরা গ্রামে। ঘটনায় অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে কাশিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে বনদফতর।
বন দফতর সূত্রে খবর, বুধবার খবর আসে রুদরা গ্রামের বনভূমি থেকে বেশ কিছু গাছ কেটে ফেলা হয়েছে। খবর পেয়েই কাশিপুরের বিট অফিসার শিখা রায় কয়েকজন বনকর্মীকে নিয়ে ঘটনাস্থলে যান। অভিযোগ, সেখানে পৌঁছাতেই এক ব্যক্তি প্রথমে তাঁদের সঙ্গে তর্ক শুরু করেন। তারপরেই তাঁদের উপর হামলা চালান। ঘটনায় তিনজনই অল্পবিস্তর জখম হন। পরে ঘটনাস্থল থেকে কেটে রাখা ৭৩টি আকাশমণি জ্বালানি গাছ বাজেয়াপ্ত করে বনদফতর।