নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:
মদ ও মাদক দ্রব্যের বিক্রি সম্পূর্ণ বন্ধ, জেলার খরা সমস্যার স্থায়ী সমাধান-সহ একাধিক দাবিতে পথে নামল সারা ভারত কৃষক ক্ষেতমজুর সংগঠন। মঙ্গলবার সংগঠনের পক্ষ থেকে পুরুলিয়ার জেলাশাসকের দফতরে ডেপুটেশন দেওয়া হয়। পাশাপাশি আয়োজিত হয় কৃষক-মজুর সমাবেশ।
সংগঠনের দাবিগুলির মধ্যে রয়েছে পুরুলিয়া জেলার খরা সমস্যার স্থায়ী সমাধান, মদ ও মাদক দ্রব্যের ব্যবহার সম্পূর্ণ বন্ধ করা, সমস্ত ফসলের ন্যূনতম সহায়ক মূল্য চালু করে তা আইনসঙ্গত করা। একই সঙ্গে ১০০ দিনের কাজ পুনরায় চালু করে বছরে ২০০ দিন কাজ এবং প্রতিদিন ৬০০ টাকা মজুরির দাবিও জানানো হয়েছে।
এ ছাড়াও সটরা-সহ বাকি থাকা সমস্ত মৌজায় অবিলম্বে জমি জরিপের কাজ শেষ করে সকল কৃষককে ‘কৃষক বন্ধু’ প্রকল্পের আওতায় আনার দাবি তুলেছে সংগঠন। সার, বীজ ও কীটনাশকের কালোবাজারি বন্ধ করার দাবিও জানানো হয়েছে।
সমাবেশে উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সভাপতি পঞ্চানন প্রধান। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সর্বভারতীয় সাধারণ সম্পাদক শংকর ঘোষ।