নিজস্ব প্রতিনিধি, ঝালদা:
গোপন সূত্রে খবর পেয়ে অবৈধ পাথর পাচার ঠেকালো ঝালদা থানার পুলিশ। রবিবার সকালে গোকুলনগর মোড়ে নাকা চেকিং চলাকালীন বেআইনি পাথর বোঝাই একটি ট্রাক্টর আটক করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার সকালে ঝালদা থানার সাব-ইনস্পেক্টর অসীম কুমারের নেতৃত্বে একটি পুলিশি দল এলাকা টহল দেওয়ার সময় খবর পায় যে বেআইনিভাবে পাথর পরিবহন করা হচ্ছে। খবর পাওয়া মাত্রই পুলিশ গোকুলনগর মোড়ে তৎক্ষণাৎ নাকা তল্লাশি শুরু করে।
তল্লাশি চলাকালীন ইচাগের দিক থেকে আসা একটি ট্রাক্টরকে সন্দেহজনক বলে মনে হলে পুলিশ সেটিকে থামানোর চেষ্টা করে। তবে পুলিশকে দেখেই চালক গাড়ি ফেলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পুলিশ পিছু ধাওয়া করলেও চালক চম্পট দেয়।
ট্র্যাক্টরটিতে তল্লাশি চালিয়ে ট্রলিতে প্রায় ৪ টন পাথর পাওয়া যায়। 'ই-সাক্ষ্য' অ্যাপের মাধ্যমে সমস্ত আইনি প্রক্রিয়া মেনে পাথর ভর্তি ট্র্যাক্টরটিকে বাজেয়াপ্ত করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। পলাতক চালকের সন্ধান চালানোর পাশাপাশি এই বেআইনি পাথর পাচার চক্রের সাথে আর কে বা কারা যুক্ত, তা খতিয়ে দেখা হচ্ছে।