সাধারণ খবর শিক্ষা

সরকার বিরূপ, ঝাড়খণ্ডে বাংলা বাঁচাতে অপুর পাঠশালা

দেবরাজের অভিযোগ, ঝাড়খণ্ডে বিপুল সংখ্যক বাংলাভাষী মানুষ থাকা সত্ত্বেও সরকারি ভাবে বাংলায় পঠন-পাঠন বন্ধ করা হয়েছে। প্রয়াত স্বাধীনতা সংগ্রামী ও প্রাক্তন সাংসদ ভজহরি মাহাতোর আদর্শকে সামনে রেখে বাংলা ভাষার অধিকার রক্ষার আন্দোলন চলবে বলেও জানান তিনি।
সরকার বিরূপ, ঝাড়খণ্ডে বাংলা বাঁচাতে অপুর পাঠশালা

নিজস্ব প্রতিনিধি, জামশেদপুর:

ঝাড়খণ্ডের সরকারি স্কুলে বাংলায় পঠন-পাঠন ও বই সরবরাহ বন্ধ থাকায় মাতৃভাষা রক্ষায় উদ্যোগী ‘ঝাড়খণ্ড বাংলাভাষী উন্নয়ন সমিতি’। তাদের উদ্যোগে পরিচালিত ‘অপুর পাঠশালা’র মাধ্যমে বিভিন্ন এলাকায় চলছে বিনামূল্যে বাংলা শিক্ষা।

রবিবার জামশেদপুরের গামহারিয়া ও পরশুডির দু’টি ‘অপুর পাঠশালা’ পরিদর্শন করেন বাংলা ভাষা সংঘর্ষ সমিতি (ভজহরি সেনা)-র প্রতিনিধি দেবরাজ মাহাতো ও চন্দন সিংহ মল্ল। পড়ুয়াদের হাতে তাঁরা ‘বর্ণপরিচয়’ (প্রথম ভাগ) তুলে দেন। চন্দন জানান, আগামী দিনে ঝাড়খণ্ডের সমস্ত ‘অপুর পাঠশালা’র পড়ুয়াদের বিনামূল্যে প্রয়োজনীয় বাংলা বই দেওয়ার উদ্যোগ নেওয়া হবে।

দেবরাজের অভিযোগ, ঝাড়খণ্ডে বিপুল সংখ্যক বাংলাভাষী মানুষ থাকা সত্ত্বেও সরকারি ভাবে বাংলায় পঠন-পাঠন বন্ধ করা হয়েছে। প্রয়াত স্বাধীনতা সংগ্রামী ও প্রাক্তন সাংসদ ভজহরি মাহাতোর আদর্শকে সামনে রেখে বাংলা ভাষার অধিকার রক্ষার আন্দোলন চলবে বলেও জানান তিনি।

পরশুডির পাঠশালার ইনচার্জ তপন হোড় জানান, প্রায় এক বছর আগে কেন্দ্রটি চালু হয়েছে। বর্তমানে ২৫ জন পড়ুয়া নিয়মিত আসে। প্রতি রবিবার বাংলা ভাষার পাশাপাশি গান, নাটক, আবৃত্তি ও নাচ শেখানো হয়।