নিজস্ব প্রতিনিধি, রঘুনাথপুর:
মৌতোড়ের সুবিখ্যাত কালীমন্দিরে অলঙ্কার চুরির তদন্তে এ বার সাত সন্দেহভাজনকে আটক করল রঘুনাথপুর থানার পুলিশ। তাদের মধ্যে পুরনো অপরাধের রেকর্ড থাকা ব্যক্তিরাও রয়েছেন বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। মন্দির ও সংলগ্ন বাড়ির সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার পাশাপাশি মোবাইলের টাওয়ার ডাম্প অ্যানালিসিসও চলছে। দুষ্কৃতীরা ঝাড়খণ্ডে গা-ঢাকা দিয়ে থাকতে পারে, সেই সম্ভাবনা মাথায় রেখে পড়শি রাজ্যেও স্থানীয় সূত্র সক্রিয় করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাতের অন্ধকারে মৌতোড় কালীমন্দিরে হানা দিয়ে অলঙ্কার লুটের ঘটনায় ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পুলিশ সূত্রে খবর, শুধু মন্দিরের সিসিটিভি নয়, আশপাশের বাড়িগুলিতে থাকা ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজও সংগ্রহ করে দেখা হচ্ছে। দুষ্কৃতীদের মন্দিরে আসা এবং বেরিয়ে যাওয়ার সম্ভাব্য পথ চিহ্নিত করার চেষ্টা চলছে।
প্রসঙ্গত, বিধানসভা ভোটের আগে চলতি বছরের ১০ জানুয়ারি এই মৌতোড় কালীমন্দিরে এসে পুজো দিয়েছিলেন তৎকালীন বিরোধী দলনেতা তথা রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই মন্দিরেই অলঙ্কার চুরির ঘটনায় স্বাভাবিক ভাবেই জেলায় চাঞ্চল্য ছড়িয়েছে। শুক্রবার মন্দিরে গিয়ে সবকিছু খতিয়ে দেখেন জেলা পুলিশ সুপার কুমার শানি রাজ। ছিলেন রাজ্যের মন্ত্রী নদীয়ারচাঁদ বাউরিও।