নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:
পুরুলিয়া শহরের তিনটি এলাকায় আচমকাই বেড়ে চলেছে পথ কুকুরের তাণ্ডব। মাত্র এক ঘণ্টার ব্যবধানে শহরের বিভিন্ন অংশ থেকে কুকুরের কামড়ে জখম হয়ে অন্তত ১৬ জন বাসিন্দা হাসপাতালে ভর্তি হয়েছেন। হঠাৎ করে পরপর এই ধরনের হামলায় পুরো পুরুলিয়া শহরজুড়ে চরম আতঙ্ক ছড়িয়েছে। আক্রান্তদের কারও পায়ে, আবার কারও হাতে গুরুতর ক্ষতের চিহ্ন। পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ও নার্সিং কর্মীরা পরিস্থিতি সামাল দিতে যুদ্ধকালীন তৎপরতায় চিকিৎসা পরিষেবা দিতে শুরু করেন। আক্রান্তদের প্রত্যেককেই বর্তমানে চিকিৎসকদের পর্যবেক্ষণে রেখে ওষুধ ও প্রতিষেধক দেওয়া হচ্ছে।
পুরুলিয়া জেলা প্রাথমিক শিক্ষা সংসদের কর্মী পতিতপাবন রক্ষিত বলেন, "অফিসে আসার পথে আমাদের এক সহকর্মী কুকুরের হামলার শিকার হন। তাঁকে নিয়ে হাসপাতালে পৌঁছানোর পর যা দেখলাম, তা অত্যন্ত চিন্তাজনক। আজ এক দিনেই শহরের বিভিন্ন প্রান্ত থেকে ২৫ থেকে ৩০ জন মানুষ কুকুরে কামড় খেয়ে হাসপাতালে এসেছেন। সাধারণ মানুষের কাছে আমাদের অনুরোধ রাস্তায় বা এলাকায় কোনো কুকুরের অস্বাভাবিক আচরণ চোখে পড়লে কিংবা ক্ষ্যাপা কুকুর দেখলে অবিলম্বে দূরে থাকুন"।
তিনি আরও বলেন,বিপজ্জনক কুকুরটিকে শনাক্ত করে স্থানীয় প্রশাসনকে জানান, কিন্তু নিজে থেকে তার কাছে যাবেন না। আর যদি দুর্ঘটনাবশত কাউকে কুকুরে কামড়ায়, তবে এক মুহূর্ত দেরি না করে সঙ্গে সঙ্গে জেলা সদর হাসপাতালে আসুন এবং প্রয়োজনীয় চিকিৎসা ও ইঞ্জেকশন নিন।"