রাজনীতি শহর

নির্বাচন কমিশনারের পদত্যাগ ও গ্রেপ্তারের দাবিতে পুরুলিয়ায় তুমুল বিক্ষোভ কংগ্রেসের

এআইসিসি ও প্রদেশ কংগ্রেসের নির্দেশে পুরুলিয়া জেলা কংগ্রেসের উদ্যোগে এবং প্রবীণ নেতা নেপাল মাহাতোর নেতৃত্বে সোমবার এক বিশাল বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচির আয়োজন করা হয়।
নির্বাচন কমিশনারের পদত্যাগ ও গ্রেপ্তারের দাবিতে পুরুলিয়ায় তুমুল বিক্ষোভ কংগ্রেসের

 


নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:

বিজেপির এজেন্ডা বাস্তবায়ন ও নির্বাচনে কারচুপির অভিযোগে নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ ও গ্রেপ্তারের দাবিতে উত্তাল হয়ে উঠল পুরুলিয়া। এআইসিসি ও প্রদেশ কংগ্রেসের  নির্দেশে পুরুলিয়া জেলা কংগ্রেসের উদ্যোগে এবং প্রবীণ নেতা নেপাল মাহাতোর নেতৃত্বে সোমবার এক বিশাল বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচির আয়োজন করা হয়।

পুরুলিয়া শহর পরিক্রমা শেষে কংগ্রেস কর্মীদের মিছিলটি জেলাশাসক দপ্তরের দিকে এগোলে পুলিশের তৈরি করা শক্ত ব্যারিকেডের মুখোমুখি হয়। জেলাশাসক দপ্তরের কাছেই রাস্তায় বসে অবস্থান-বিক্ষোভে শামিল হন দলীয় কর্মী ও সমর্থকেরা। তাঁদের মূল দাবি, জ্ঞানেশ কুমারকে দ্রুত পদত্যাগ করতে হবে এবং তাকে গ্রেপ্তার করে উপযুক্ত শাস্তি দিতে হবে।

বিক্ষোভ চলাকালীন পুরুলিয়া জেলা কংগ্রেস সভাপতি ফণীভূষণ কুমার বলেন, "নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে বিভিন্ন রাজ্যে বিজেপির পক্ষ নিয়ে ভোট কারচুপির অভিযোগে এআইসিসি ও পিসিসির নির্দেশে পুরুলিয়া জেলা কংগ্রেসের উদ্যোগে ২৫ তারিখের দেশব্যাপী প্রতিবাদের অংশ হিসেবে আজ নেপাল মাহাতোর নেতৃত্বে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। আমাদের মূল দাবি,জ্ঞানেশ কুমারের অবিলম্বে পদত্যাগ, উপযুক্ত শাস্তি এবং তাঁকে গ্রেপ্তার করা"।

বিক্ষোভকারীরা জানান, নির্বাচন ব্যবস্থার নিরপেক্ষতা বজায় রাখতে এবং গণতন্ত্র রক্ষায় তাঁদের এই আন্দোলন আগামী দিনে আরও জোরদার হবে।