নিজস্ব প্রতিনিধি , মানবাজার:
মানবাজার কর্মতীর্থে উদ্বোধন হল মানবাজার সাব-ডিভিশনাল প্রেস ক্লাবের নতুন কার্যালয়ের। রবিবার ফিতে কেটে ও প্রদীপ জ্বালিয়ে কার্যালয়ের উদ্বোধন করেন মহকুমা শাসক দীপক মীনা। অনুষ্ঠানে জেলার প্রবীণ সাংবাদিক ও গুণীজনদের সংবর্ধনা দেওয়া হয়। উপস্থিত ছিলেন সাহিত্যিক তথা অধ্যাপক তপন পাত্র, ক্লাবের সভাপতি অরবিন্দ মাহাত, সম্পাদক জয়ন্ত দত্ত-সহ মহকুমার সাংবাদিকেরা।
পাশাপাশি পরিবেশ সচেতনতার বার্তা দিতে বৃক্ষরোপণ কর্মসূচিও হয়। অতিথিরা চারাগাছ রোপণ করেন। মহকুমা শাসক বলেন, সাংবাদিকরা প্রশাসন ও সাধারণ মানুষের মধ্যে সেতুর কাজ করেন। মানবাজারে সাংবাদিকদের স্থায়ী ঠিকানা তৈরি হওয়ায় এই ক্লাব বস্তুনিষ্ঠ সাংবাদিকতার কেন্দ্র হয়ে উঠবে বলে আশা প্রকাশ করেন তিনি।
ক্লাবের সভাপতি অরবিন্দ মাহাতো জানান, দীর্ঘদিনের প্রচেষ্টার পর নতুন কার্যালয় তৈরি হওয়ায় আমাদের স্বপ্ন পূরণ হয়েছে। সম্পাদক জয়ন্ত দত্ত বলেন, সাংবাদিকদের পেশাগত সুবিধার পাশাপাশি আগামী দিনে ক্লাবের তরফে বিভিন্ন সামাজিক কর্মসূচিও নেওয়া হবে।