নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:
পুলিশি হস্তক্ষেপে প্রাথমিক ভাবে অবরোধ উঠলেও, ফের শুরু আদিবাসী ছাত্রছাত্রীদের অবরোধ। অভিযোগ, শিক্ষাবর্ষ গড়িয়ে গেলেও পোর্টাল খুলছে না, মিলছে না স্কলারশিপের আর্থিক সাহায্য। এ নিয়ে ক্ষোভ জমা হচ্ছিল দীর্ঘদিন ধরেই। এবার প্রতিবাদে রাজপথে নামলেন পুরুলিয়া মানভূম মহাবিদ্যালয়-এর তপশিলি উপজাতিভুক্ত শিক্ষার্থীরা। মঙ্গলবার পুরুলিয়া-জামশেদপুর ১৮ নম্বর জাতীয় সড়কের দামদা মোড় সংলগ্ন এলাকায় টায়ার জ্বালিয়ে ও ব্যানার-পোস্টার হাতে পথ অবরোধ করেন ক্ষুব্ধ ছাত্রছাত্রীরা। ব্যস্ততম এই জাতীয় সড়কে চরম যানজটের সৃষ্টি হয় এবং আটকে পড়ে বহু পণ্যবাহী ও যাত্রীবাহী যানবাহন।
শিক্ষার্থীদের অভিযোগ, ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ওয়েসিস’ স্কলারশিপের পোর্টাল কোনও কারণে বন্ধ রাখা হয়েছে। এর ফলে প্রাপ্য অর্থ না পেয়ে তাঁরা সমস্যায়।
প্রতিবাদী পড়ুয়া কমলা হেমব্রম বলেন,
"আমরা অতি সাধারণ পরিবার থেকে আসি। ওয়েসিস স্কলারশিপের টাকার ওপর ভরসা করেই আমাদের কলেজের খরচ, বইপত্র কেনা এবং যাতায়াত চলে। কিন্তু ২০২৫-২৬ শিক্ষাবর্ষের পোর্টাল এতদিন বন্ধ থাকায় আমরা মারাত্মক সমস্যায় পড়েছি। বারবার জানিয়েও লাভ হয়নি। পড়াশোনা বন্ধ হওয়ার উপক্রম হয়েছে বলেই আজ আমরা বাধ্য হয়ে রাস্তায় নেমেছি। দ্রুত পোর্টাল চালু না হলে আমাদের আন্দোলন আরও তীব্র হবে।"
অবরোধকারী সুচিত্রা টুডু জানান, "সরকারের পক্ষ থেকে যেখানে সামাজিক ও অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা পড়ুয়াদের উৎসাহিত করার কথা, সেখানে পোর্টাল বন্ধ রেখে আদিবাসী শিক্ষার্থীদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। এই টাকাটা দয়া নয়, আমাদের অধিকার। অবিলম্বে ওয়েসিস পোর্টাল খুলে আর্থিক বঞ্চনা দূর করার দাবিতেই আমাদের এই জাতীয় সড়ক অবরোধ।"
ঘটনার খবর পাওয়া মাত্রই পৌঁছায় টামনা থানার বিশাল পুলিশ বাহিনী। পুলিশ আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা শুরু করেন এবং প্রশাসনিক স্তরে বিষয়টি দ্রুত তুলে ধরার আশ্বাস দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। অবরোধ ওঠে। কিন্তু অভিযোগ, প্রশাসন সদর্থক পদক্ষেপ নেয়নি। সেকারণে ফের অবরোধ শুরু হয়।