নিজস্ব প্রতিনিধি , বলরামপুর:
পানীয় জল সরবরাহের সোলার পাম্পের পাইপ ভাঙচুরের অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। বলরামপুর থানার অন্তর্গত আমারু এলাকার একটি বেসরকারি আদিবাসী স্কুলের হস্টেলে এই ঘটনায় জলকষ্টে পড়েছে প্রায় ৪০-৪৫ জন পড়ুয়া। মঙ্গলবার গভীর রাতে পাম্পের জলাধারে জল তোলা ও সেখান থেকে জল সরবরাহের দু’টি প্রধান পাইপ ভেঙে দেওয়া হয় বলে অভিযোগ।
হস্টেলের দায়িত্বে থাকা আদিবাসী সংগঠনের সম্পাদক গুরুচরণ টুডু জানান, জেলা পরিষদের সহায়তায় আমারু এলাকায় ওই সোলার পাম্পটি তৈরি করা হয়েছিল। পাইপ ভাঙচুরের জেরে হস্টেলের দৈনন্দিন কাজকর্ম কার্যত ব্যাহত হচ্ছে। পড়ুয়াদের রান্নাবান্না, পানীয় জল, স্নান এবং শৌচাগার ব্যবহারের মতো জরুরি পরিষেবা চালু রাখাই কঠিন হয়ে পড়েছে।
পরিস্থিতি সামাল দিতে আপাতত দূরের একটি হস্তচালিত নলকূপ থেকে হেঁটে জল বয়ে আনতে হচ্ছে। তাতে পড়ুয়াদের ভোগান্তি বাড়ছে। এই পরিস্থিতিতে দ্রুত পাইপ মেরামতের দাবি জানিয়েছে হস্টেল কর্তৃপক্ষ। ঘটনার কথা জানিয়ে বলরামপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ।