নিজস্ব প্রতিনিধি,নিতুড়িয়া:
চলছে দফায় দফায় লাগাতার তল্লাশি।বৃহস্পতিবার রাত থেকে তল্লাশি চালিয়ে প্রায় ৪৫০ মেট্রিক টন রড বাজেয়াপ্ত করল পুলিশ। নামী সংস্থার ব্র্যান্ড ও লোগো ব্যবহার করে নকল টিএমটি বার রড তৈরির অভিযোগে পুরুলিয়ার একটি কারখানায় লাগাতার তল্লাশি চালাচ্ছে জেলা পুলিশের গোয়েন্দা ও তদন্তকারী শাখা। ‘সুপার এক্সটি ৬০০’ নামে নকল রড তৈরি ও বাজারে সরবরাহের অভিযোগ ঘিরে জেলায় চাঞ্চল্য ছড়িয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ২৫ সেপ্টেম্বর নিতুড়িয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন আইপি লিগ্যাল অ্যান্ড সার্ভেল্যান্স সার্ভিসেস প্রাইভেট লিমিটেডের জোনাল প্রধান টোটন চক্রবর্তী। অভিযোগে, পুরুলিয়া ইস্পাত অ্যালয় প্রাইভেট লিমিটেডের বিরুদ্ধে নকল টিএমটি বার রড মজুত ও বাজারে সরবরাহের অভিযোগ জানানো হয়। অভিযোগের ভিত্তিতে তদন্তভার নেয় ডিইবি। প্রথম দফায় গত ২৫ সেপ্টেম্বর রাতে ওই কারখানায় অভিযান চালায় পুলিশ। পরীক্ষার জন্য ২৫ টন রড বাজেয়াপ্ত করা হয়। ওই রডে নামী সংস্থার নাম ও লোগো ব্যবহার করে নকল পণ্য তৈরির প্রমাণ মিলেছে বলে পুলিশ সূত্রের দাবি।
অভিযোগকারী টোটোন চক্রবর্তী বলেন,
"আমি আইপি লিগ্যাল ও শৈলপুত্রী টিএমটি-র প্যান ইন্ডিয়া ডাইরেক্টর। পুরুলিয়া ইস্পাত অ্যালয় কোম্পানি আমাদের 'সুপার নেক্সট ৬০০' ব্র্যান্ডটি নকল করে অবৈধভাবে 'সুপার এক্সটি' রড তৈরি করায় আমরা বেনারস কোর্ট থেকে স্টে অর্ডার আনি। আমাদের এফআইআর-এর ভিত্তিতে পুলিশ ও ডিইবি যৌথ অভিযান চালিয়ে ৪৫০ টন নকল রড বাজেয়াপ্ত করেছে। প্রশাসনের কাছে আমার অনুরোধ অনুমোদনহীন এই রড তৈরির অনুমোদন বাজেয়াপ্ত করে কারখানাটি যেন অবিলম্বে বন্ধ করা হয়"।
কী ভাবে ওই কারখানায় নকল রড তৈরি ও মজুত করা হচ্ছিল, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। এই কারবারের পিছনে আরও কেউ জড়িত কি না, কিংবা এর সঙ্গে কোনও বড় উৎপাদন ও সরবরাহ চক্রের যোগ রয়েছে কি না, তা-ও তদন্ত করে দেখছে পুলিশ।