নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:
স্বচ্ছতার বার্তা দিয়ে গান্ধী জয়ন্তীতে স্কুল চত্বরকে পরিষ্কার পরিচ্ছন্ন করল বিজেপি। শুক্রবার পুরুলিয়া ১ নম্বর ব্লকের গাড়াফুসড়ো হাইস্কুল প্রাঙ্গণে এই কর্মসূচি নেয় বলরামপুর বিধানসভার বিজেপির ১ নম্বর মন্ডলের কর্মী সমর্থকরা ।
এদিন স্বচ্ছ ভারত অভিযানের কর্মসূচি হিসেবে স্কুল চত্বর সহ আশেপাশের এলাকা পরিষ্কার করেন তারা। তাদের দাবি, গান্ধীজি স্বচ্ছতার যে স্বপ্ন দেখেছিলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বচ্ছ ভারত মিশন সেই স্বপ্নকেই বাস্তবায়িত করছে। তাই গান্ধীজয়ন্তীর দিনে তারা স্বচ্ছতার বার্তা দিতেই এই কর্মসূচি নিয়েছেন। শুধু পরিষ্কার করাই নয়, সাধারণ মানুষকেও স্বচ্ছতা বজায় রাখার আহ্বান জানানো হয়। উপস্থিত ছিলেন বিজেপির বলরামপুর বিধানসভার ১ নম্বর মন্ডল সভাপতি বিশাল দুবে, জেলা সম্পাদক রথীন্দ্রনাথ মাহাতো, জেলা কমিটির সদস্য তড়িৎ মাহাতো সহ কর্মী সমর্থকরা।