নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:
সরকারি বৈঠক ও ভিডিয়ো কনফারেন্সে স্বাস্থ্য দফতরের ব্লক অ্যাকাউন্টস ম্যানেজারদের (বিএএম) ‘অপমানজনক’ মন্তব্য করার অভিযোগ উঠল জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের বিরুদ্ধে। একই সঙ্গে, বিএএমদের বিরুদ্ধে প্রকাশ্যে আর্থিক অনিয়মের অভিযোগ তোলা নিয়েও প্রতিবাদ জানালেন জেলার সমস্ত বিএএম। ২৮ সেপ্টেম্বরের ভিডিয়ো কনফারেন্সের ঘটনার পর সিএমওএইচকে চিঠি দিয়ে ক্ষোভ জানিয়েছেন তাঁরা।
চিঠিতে বিএএমদের দাবি, ২৮ সেপ্টেম্বরের ঘটনাটি বিচ্ছিন্ন নয়। এর আগেও একাধিক বৈঠক ও ভিডিয়ো কনফারেন্সে তাঁদের উদ্দেশে ‘অপমানজনক’ মন্তব্য করা হয়েছে এবং আর্থিক অনিয়মের অভিযোগ তোলা হয়েছে। অন্য স্বাস্থ্যকর্মীদের উপস্থিতিতে এ ভাবে অভিযোগ তোলায় তাঁদের পেশাগত মর্যাদা ক্ষুণ্ণ হচ্ছে বলে দাবি তাঁদের।
বিএএমদের বক্তব্য, কোনও আর্থিক অনিয়ম বা গাফিলতির অভিযোগ থাকলে নথিপত্র খতিয়ে দেখে নিয়ম মেনে তদন্ত করা হোক। অভিযোগ প্রমাণিত হলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়াতেও তাঁদের আপত্তি নেই। তবে প্রকাশ্য বৈঠকে কোনও বিএএম বা গোটা ক্যাডারের বিরুদ্ধে যাচাই না-করা অভিযোগ তোলার বিরোধিতা করেছেন তাঁরা।
চিঠিতে আরও বলা হয়েছে, ব্লক স্তরে আর্থিক ও প্রশাসনিক দায়িত্বের ক্ষেত্রে সংশ্লিষ্ট বিএমওএইচ তথা ডিডিও-র ভূমিকাও প্রয়োজনমতো খতিয়ে দেখা দরকার। তাঁদের বক্তব্য, কোনও অনিয়মের ক্ষেত্রে দায়িত্ব নির্ধারণ করতে হলে সংশ্লিষ্ট সব পক্ষের ভূমিকা বিচার করা উচিত।
বিএএমদের অভিযোগ, এ ধরনের মন্তব্যে তাঁদের মধ্যে ‘ভয়, মানসিক চাপ ও অপমানবোধ’ তৈরি হচ্ছে। এর প্রভাব স্বাস্থ্য দফতরের আর্থিক ও প্রশাসনিক কাজেও পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তাঁরা।
বিএএমদের তরফে সিএমওএইচের কাছে আবেদন, সরকারি বৈঠক ও ভিডিয়ো কনফারেন্সে কর্মীদের সঙ্গে ‘সম্মানজনক’ আচরণ নিশ্চিত করা হোক এবং ভবিষ্যতে প্রকাশ্যে এ ধরনের মন্তব্য না করার বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ করা হোক।