নিজস্ব প্রতিনিধি, বলরামপুর:
সোমবার রাতে পুরুলিয়া-জামশেদপুর ১৮ নম্বর জাতীয় সড়কে ঘটল এক ভয়াবহ পথ দুর্ঘটনা। বলরামপুর থানার দাঁতিয়া আউটপোস্ট সংলগ্ন এলাকায় একটি ছোট গাড়ির সঙ্গে বাইকের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারালেন তিন যুবক। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুজন।
নিহত তিন যুবক হলেন শিবম গোপ (২৭), লুকেশ গোপ (২৭) এবং স্বপন গোপ (২৯)। তাঁদের সকলেরই বাড়ি ঝাড়খণ্ডের নিমডি এলাকায়। জানা গিয়েছে, রাতে ওই তিন যুবক একটি বাইকে করে বলরামপুর থেকে জামশেদপুরের দিকে যাচ্ছিলেন। মাঝপথে উল্টো দিক থেকে আসা একটি চারচাকা গাড়ির সঙ্গে তাঁদের বাইকের সজোরে ধাক্কা লাগে এবং তাঁরা রাস্তার ওপর ছিটকে পড়েন।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বলরামপুর থানার পুলিশ। রক্তাক্ত অবস্থায় তাঁদের উদ্ধার করে বাঁশগড় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসক শিবম ও লুকেশকে মৃত বলে ঘোষণা করেন। আশঙ্কাজনক অবস্থায় স্বপনকে পুরুলিয়া গভর্মেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়, তবে রাতেই চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
অন্যদিকে, এই দুর্ঘটনায় চারচাকা গাড়িতে থাকা বলরামপুরের দুই বাসিন্দা একলাখ হাসমি এবং তাসীম আনসারীও আহত হয়েছেন। বাঁশগড় স্বাস্থ্যকেন্দ্রে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য তাঁদের অন্যত্র স্থানান্তরিত করা হয়েছে।