নিজস্ব প্রতিনিধি, মানবাজার:
শ্রদ্ধা, উদ্দীপনা ও সাংস্কৃতিক আবহের মধ্য দিয়ে মানবাজারের গোবিন্দপুর প্রাথমিক বিদ্যালয়ের সাড়ম্বরে পালিত হল পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মজয়ন্তী এবং পূজ্য গুরুদেব শ্রী রাকেশজীর জন্মদিন।
দিনের সূচনায় পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আবক্ষ মূর্তিতে শ্রদ্ধাভরে মাল্যদান করা হয় এবং গুরুদেব শ্রী রাকেশজীর প্রতিকৃতিতে পুষ্পাঞ্জলি নিবেদন করা হয়। এরপর কেক কাটার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে এই মহতী উৎসবের সূচনা ঘটে।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে আয়োজিত হয় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে স্থানীয় শিল্পীরা অংশ নেন। অনুষ্ঠান শেষে উপস্থিত পড়ুয়াদের হাতে তাদের নিত্যপ্রয়োজনীয় শিক্ষা-উপকরণ এবং নতুন পোশাক উপহার হিসেবে তুলে দেওয়া হয়।
দিনের অন্যতম আকর্ষণ ছিল 'তিথি ভোজন'। উদযাপন কমিটির তরফ থেকে পড়ুয়া ও অভিভাবকদের জন্য বিশেষ মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়েছিল। মেনুতে ছিল ধোঁয়া ওঠা গরম লুচি, ছোলার ডাল, মুখরোচক সবজি, চাটনি, বোন্দে এবং রাজভোগ। সুস্বাদু এই তিথি ভোজনে আপ্যায়িত হয়ে খুশি উপস্থিত সকলেই। সমগ্র অনুষ্ঠানটি উপস্থিত সকলের মনে এক আনন্দঘন অভিজ্ঞতার স্মৃতি রেখে গিয়েছে।