নিজস্ব প্রতিনিধি, ঝালদা:
স্মার্টফোনের স্ক্রিনে আটকে থাকা শৈশব-কৈশোরকে সবুজ মাঠের ঘাসে ফিরিয়ে আনার এক প্রাণবন্ত প্রয়াস দেখল ঝালদা। ঝালদা আনন্দবাজার ফুটবল ক্লাবের উদ্যোগে ঝালদা হাইস্কুল প্রাঙ্গণে শুরু হয়েছে তৃতীয় বর্ষের ‘স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’। প্রয়াত প্রাক্তন কাউন্সিলর তপন কান্দু ও তাঁর স্ত্রী পূর্ণিমা কান্দুর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতেই প্রতিবছরের মতো এবারও এই ফুটবল মহোৎসবের আয়োজন করা হয়েছে।
শনিবার ছিল এই মর্যাদাপূর্ণ টুর্নামেন্টের দ্বিতীয় দিন। সেমিফাইনালের মহারণ দেখতে দুপুর থেকেই মাঠে ফুটবলপ্রেমী মানুষের জনজোয়ার নামে। ক্রীড়াপ্রেমি দর্শকে কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে হাইস্কুলের চারপাশ। এদিনের সেমিফাইনাল ম্যাচের সূচনা করেন পুরুলিয়া জেলা বিজেপি সভাপতি শঙ্কর মাহাতো। ফুটবলে কিক মেরে খেলা শুরুর পর মাঠজুড়ে ছড়িয়ে পড়ে দর্শকদের উচ্ছ্বাস ও করতালি।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালদার পুরপ্রধান বিজয় কান্দু, প্রাক্তন পুরপ্রধান প্রদীপ কর্মকার এবং কাউন্সিলর মিঠুন কান্দু।
টুর্নামেন্টের এই বিশেষ মুহূর্তে বাবা-মায়ের স্মৃতি তর্পণে আবেগ বিহ্বল হয়ে পড়েন দেব কান্দু। তিনি বলেন, “এই মাঠের প্রতিটা ধূলিকণার সঙ্গে বাবার আবেগ জড়িয়ে ছিল। আজ তাঁরা নেই, কিন্তু মাঠ জুড়ে আজও তাঁদের উপস্থিতি গভীরভাবে অনুভবের জায়গা করে নেয়।”
উদ্যোক্তাদের সূত্রে খবর, রবিবারের ফাইনাল ঘিরে তৈরি হয়েছে চরম উত্তেজনা ও কৌতূহল। খেতাব দখলের লড়াইয়ে মুখোমুখি হতে চলেছে ‘শিবম ইলেভেন, ব্ল্যাক টাইগার রাঁচি’ এবং ‘সিল্লি স্পোর্টস একাডেমি’। ফাইনালের মহারণে বিশেষ অতিথি হিসেবে হাজির থাকার কথা ঝাড়খণ্ডের প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী সুদেশ মাহাতো এবং প্রাক্তন বিধায়ক নেপাল মাহাতোর।
প্রযুক্তিনির্ভর যুগে যুবসমাজকে আবার খেলাধুলার মূল স্রোতে ফেরানোর এই প্রয়াস স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মহলে ব্যাপকভাবে প্রশংসিত হচ্ছে।