নিজস্ব প্রতিনিধি,রঘুনাথপুর ও নিতুড়িয়া :
সড়ক নিরাপত্তা জোরদার এবং বেআইনি পণ্য পরিবহন বন্ধ করতে ওভারলোডিংয়ের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করল পুরুলিয়া জেলা পুলিশ। জেলা পুলিশ ও মোটর ভেহিক্যাল পরিদর্শকের যৌথ সমন্বয়ে রঘুনাথপুর এবং নিতুড়িয়া থানা এলাকায় পরিচালিত হলো এক বিশেষ ওভারলোডিং বিরোধী অভিযান।
পুলিশ সূত্রে খবর, এই আকস্মিক তল্লাশি অভিযান চলাকালীন মোট পাঁচটি ওভারলোড করা যানবাহনকে আটক করা হয়। ট্রাফিক আইন লঙ্ঘন ও নির্ধারিত সীমার অতিরিক্ত পণ্য পরিবহনের দায়ে যানবাহনগুলির বিরুদ্ধে মোট ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা ধার্য করা হয়েছে।
সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে এবং অতিরিক্ত পণ্য পরিবাহী গাড়ি চলাচলের ফলে হওয়া দুর্ঘটনা ও রাস্তার ক্ষয়ক্ষতি রোধ করতেই এই যৌথ উদ্যোগ নেওয়া হয়। আইনশৃঙ্খলার গুরুত্ব অনুধাবন করে রঘুনাথপুরের এসডিপিও , রঘুনাথপুরের আইসি , রঘুনাথপুরের সিআই এবং এমভিআই -এর মতো পদস্থ আধিকারিকদের প্রত্যক্ষ উপস্থিতিতে অভিযানটি সফলভাবে পরিচালিত হয়।
পুলিশ প্রশাসন ও মোটর ভেহিক্যাল ডিপার্টমেন্টের পক্ষ থেকে জানানো হয়েছে যে, যানজট মুক্ত ও নিরাপদ পথ নিরাপত্তা বজায় রাখতে আগামী দিনেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।